Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সাজাপ্রাপ্ত জঙ্গির জেলের মেয়াদ পাঁচ না পনেরো বছর? চলছে আইনি লড়াই 

সাজাপ্রাপ্ত জঙ্গির জেলের মেয়াদ পাঁচ না পনেরো বছর? চলছে আইনি লড়াই 
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নগর দায়রা কোর্ট থেকে মহম্মদ ইজাজ নামে সাজাপ্রাপ্ত এক জেএমবি জঙ্গির তিনটি পৃথক মামলায় ১৫ বছরের সাজা নিয়ে শুরু হল জোর বির্তক। বিষয়টি নিয়ে ওই জঙ্গির সঙ্গে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের আইনি লড়াই গড়াল আদালতে। এনিয়ে দীর্ঘ শুনানি চলাকালেই কলকাতা নগর দায়রা আদালত ওই জঙ্গির যাবতীয় নথি নিয়ে জেল সুপারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আজ, মঙ্গলবার জেল সুপারের কোর্টে হাজির হওয়ার কথা। সরকারি কৌঁসুলি গণেশ মাইতি সোমবার জানান, ইতিমধ্যে তিনটি মামলাতেই ওই জঙ্গি আদালতে দোষ স্বীকার করায় পাঁচ বছর কারাদণ্ড হয়েছে। ফলে ওই জঙ্গিকে খাটতে হবে ১৫ বছর জেল। কিন্তু এখন সে প্রশ্ন তুলেছে ১৫ বছর নয়, তার জেল খাটার কথা পাঁচ বছর। আমরা সরকার পক্ষ থেকে আদালতে দাবি তুলেছি, ওই অপরাধীর ১৫ বছর সাজা খাটাটাই দস্তুর। এদিকে, ধৃতের তরফে আইনজীবী ফজলে আহমেদ খান বলেন, আমাদের মক্কেলের তিনটি মামলার কথা বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, পুলিস একটিমাত্র মামলায় তাকে গ্রেপ্তার করেছিল। বাকি দু’টি মামলায় জেল থেকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়েছে। বাইরে থেকে আলাদাভাবে গ্রেপ্তার করেনি। তাই কেন আলাদা করে আমার মক্কেল পাঁচ বছরের বেশি সময় জেলের ঘানি টানবে? আমরা ঩সেই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু আমাদের অভিযোগ, জেল সুপার বিষয়টি নিয়ে গুরুত্বই দিচ্ছে না। উল্টে জেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অপরাধীকে খাটতে হবে ১৫ বছরের জেল হাজত। সরকারি আইনজীবী এদিন বলেন, এনিয়ে আমরা আমাদের বক্তব্য রেখেছি। বাকি চূড়ান্ত সিদ্বান্ত নেবে আদালত। সব মিলিয়ে বিষয়টি নিয়ে প্রেসিডেন্সি জেলে শুরু হয়ে গিয়েছে জোর তরজা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ