Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁইথিয়ায় নকল সোনার ৩৫০ কয়েন সহ গ্রেপ্তার দুই প্রতারক

সাঁইথিয়ায় নকল সোনার ৩৫০ কয়েন সহ গ্রেপ্তার দুই প্রতারক
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সোনার কয়েন বিক্রির নামে প্রতারণা চক্রের বিরুদ্ধে বীরভূম জেলা পুলিস লাগাতার অভিযান জারি রেখেছে। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে এবার সাঁইথিয়া থানার পুলিস বড় সাফল্য পেল। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে প্রায় ৩৫০টি নকল সোনার কয়েন বাজেয়াপ্ত করেছে পুলিস। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাতাসপুর থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম শেখ সুজন ও শেখ সালাম। গোটা ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিস।  বহু বছর ধরে বীরভূম জেলাজুড়ে এই প্রতারণা চক্র সক্রিয় রয়েছে। আসল ভেবে নকল সোনার কয়েন কিনে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন। চক্রের মূল পাণ্ডার হদিশ পেতে পুলিস মরিয়া হয়ে উঠেছে। তারই মাঝেই পুলিসের জালে এই প্রতারণায় জড়িত দু’জন ধরা পড়ল। জানা গিয়েছে, আসল ভেবে নকল সোনার কয়েন কিনে প্রতারিত হতেই এক ব্যক্তি সাঁইথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে পুলিস সাফল্য পায়। বমাল দু’জনকে গ্রেপ্তার করা হয়। তবে এই প্রতারণা চক্রে আর কারা জড়িত রয়েছে তা জানতে মরিয়া হয়ে উঠেছে পুলিস। নকল সোনার কয়েন কোথা থেকে নিয়ে আসা হতো কিংবা কারা এতে মদত দিচ্ছে তা জানতেও তদন্ত চলছে।  সম্প্রতি সোনার কয়েন বিক্রির নামে প্রতারণা চক্রের পর্দাফাঁস করতে গিয়ে লাভপুর থানার পুলিস আক্রান্ত হয়েছিল। তার আগে শান্তিনিকেতন থেকে নকল সোনার কয়েন উদ্ধারের খবর প্রকাশ্যে এসেছে। ঘটনায় ১৬০টি নকল সোনার কয়েন সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ