শুনানির নোটিশ নিয়ে সকাল থেকে বাড়ি বাড়ি ছুটছেন বিএলও’রা। কাউকে আবার আগেই নোটিশ দিয়ে গেলেও ফের বাড়ি এসে শুনানির দিনক্ষণ ও সময় মনে করিয়ে দিচ্ছেন। কী কী নথি নিয়ে যেতে হবে, তা বুঝিয়ে দিতে দেখা যাচ্ছে বুথ লেভেল অফিসারদের। রবিবার ছুটির দিনেও জলপাইগুড়ির পাহাড়পুর পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকায় এই ছবি দেখা গেল। আগামী কাল, সোমবার থেকে জলপাইগুড়িতে এসআইআরের শুনানি শুরু হচ্ছে। আজ, রবিবার সকালে নোটিশ পেয়ে পাতকাটা কলোনি এলাকার বাসিন্দা রিনা রায় বিশ্বাস বলেন, আমার বাবা চাকরি করতেন। তাঁর ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না। সেকারণে আমাকে শুনানির নোটিশ ধরানো হয়েছে। বাবার চাকরির কাগজপত্র এবং আমার যা নথিপত্র আছে সেসব নিয়ে যেতে বলা হয়েছে।


