নয়াদিল্লি: ৩১ বছরেও ২১ এর ছন্দে পিভি সিন্ধু। মরশুমে জোড়া ট্রফি জয়। তারই পুরস্কার পেলেন ভারতের তারকা শাটলার। বিডব্লুএফ ওয়াল্ড ট্যুর ফাইনালসে খেলার ছাড়পত্র আদায় করলেন ওলিম্পিকসে জোড়া পদক জয়ী তারকা। আগামী ৯ থেকে ১৩ ডিসেম্বর চীনে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। এই আসরের প্রতি বিভাগে বিশ্বের সেরা আট জন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারেন। মহিলাদের সিঙ্গলসে এই মুহূর্তে ৬ নম্বরে উঠে এসেছেন সিন্ধু। উল্লেখ্য, গত রবিবার হাইলো ওপেনে ডেনমার্কের লিন কিয়ার্সফেল্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তারকা শাটলার। এর আগে জাপানেও শিরোপা জেতেন তিনি। পাশাপাশি ফরাসি ওপেন ব্যাডমিন্টনে রানার্স হয়েছিলেন সিন্ধু।
ব্যর্থতার কালো মেঘ সরিয়ে হঠাৎ সাফল্যের রাজপথে ফেরার রহস্য কী? খোদ সিন্ধু জানালেন এক বিশেষ ধরণের ডিভাইস ব্যবহার করেই দ্রুত উন্নতি ঘটিয়েছেন তিনি। শুধু সিন্ধু নয়। সম্প্রতি এই ডিভাইস পরে ব্যাট করতে দেখা যায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলকে। শরীরে অক্সিজেনের মাত্রা, পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা, তার হিসাব রাখাই এই যন্ত্রের মূল কাজ।



