সারব্রুকেন: হাইলো ওপেনে জয়জয়কার ভারতের। মহিলা ও পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হলেন যথাক্রমে পিভি সিন্ধু ও লক্ষ্য সেন। ফাইনালে ডেনমার্কের লিনে কিয়ার্সফেল্ডকে ২১-১২, ২১-১৪ স্ট্রেট গেমে বশ মানান সিন্ধু। অন্যদিকে, ফাইনালে লক্ষ্যও জেতেন স্ট্রেট গেমে। ২১-১৭, ২১-১০ ব্যবধানে তিনি হারান ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে।
চলতি বছরে জুলাইয়ে জাপান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন জোড়া ওলিম্পিক পদকজয়ী সিন্ধু। এটা তাঁর এই বছরের দ্বিতীয় সাফল্য। জয় নিশ্চিত হতেই মুষ্টিবদ্ধ হাত তুলে শূন্যে তাকিয়ে উপরওয়ালাকে ধন্যবাদ জানান তিনি। দীর্ঘ দুঃসময়ের পর ট্রফি জয়ে এমন আবেগটাই তো স্বাভাবিক। চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি বলেন, ‘গত সপ্তাহে ফরাসি ওপেনে আমি রানার্স-আপ হয়েছিলাম। খেতাব জিততে না পারার আক্ষেপ ছিলই। এদিন তাই সতর্ক ছিলাম, কোনোভাবেই যাতে ফোকাস না নড়ে যায়। এই খেতাব আত্মবিশ্বাস আরও বাড়াবে। এখন সেলিব্রেশনের পালা।’ এদিকে, লক্ষ্যর এটাই এই বছরের প্রথম সাফল্য।



