আজ ইডেনে প্রতিপক্ষ মহারাষ্ট্র, ছন্দ ধরে রাখতে প্রত্যয়ী বাংলা
  • ২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি রনজি ট্রফিতে দুরন্ত ছন্দে বাংলা। জয়ের হ্যাটট্রিকে এলিট গ্রুপ সি’র শীর্ষে রয়েছে লক্ষ্মীরতন শুক্লার দল (১৮ পয়েন্ট)। এমন পরিস্থিতিতে সোমবার ইডেনে মহারাষ্ট্রের বিরুদ্ধে নামছেন অভিমন্যু ঈশ্বরণরা। ঘরের মাঠে ছন্দ ধরে রাখাই লক্ষ্য বঙ্গ-ব্রিগেডের। তবে পৃথ্বী সাউয়ের মহারাষ্ট্রও বাংলাকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি। প্রথম তিন ম্যাচে একটি জয় ও দু’টি ড্রয়ের পর গ্রুপে দ্বিতীয় স্থানে তারা (১২ পয়েন্ট)। 

Advertisement

দীর্ঘ প্রায় এক বছর পর ইডেনে রনজি ট্রফির ম্যাচ খেলতে নামছে বাংলা। যা ইঙ্গিত তাতে স্পোর্টিং উইকেট থাকবে। তবে ইডেনের পিচে পেসাররা বরাবর বাড়তি সুবিধা পেয়ে থাকে। আর বাংলা দলের পেস বিভাগের স্তম্ভ মহম্মদ সামি দুরন্ত ফর্মে। তাঁকে নিয়েই যত ভয় মহারাষ্ট্রের। টিম সূত্রে খবর, তিন পেসার ও দুই স্পিনার নিয়েই দল সাজাবেন কোচ লক্ষ্মীরতন। সেক্ষেত্রে পেস বিভাগে সামিকে সঙ্গতের দায়িত্ব সম্ভবত সুরজ সিন্ধু জয়সওয়াল ও মহম্মদ কাইফের। তবে কাইফের সামান্য চোট রয়েছে। তাঁকে খেলানো হবে কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে। দুই স্পিনার অবশ্যই শাহবাজ আহমেদ ও প্রদীপ্ত প্রামাণিক। গত ম্যাচে বাংলার জয়ে এই দু’জন বড়ো অবদান রেখেছিলেন। ব্যাট হাতে দুরন্ত শতরানের পাশাপাশি বোলিংয়েও দারুণ কার্যকরী ছিলেন শাহবাজ। আর প্রদীপ্ত দুই ইনিংস মিলিয়ে নেন ১০টি উইকেট। 
সেই তুলনায় বাংলার ব্যাটিং কিছুটা দুর্বল। সুদীপ চ্যাটার্জি একেবারেই রানের মধ্যে নেই। অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি ধারাবাহিকতার অভাবে ভুগছেন। তাই মহারাষ্ট্রের বিরুদ্ধে ছন্দে ফিরতে মরিয়া তাঁরা। রবিবার ইডেনে অনুশীলনেও সেই তাগিদ চোখে পড়ল। কোচ লক্ষ্মীরতন বলেন, ‘মহারাষ্ট্র যথেষ্ট শক্তিশালী দল। আমরা ছন্দ ধরে রাখার লক্ষ্যেই নামব। আলাদা করে সামির কথা বলতে চাই। চোট সারিয়ে গত দু’বছর দারুণ পারফরম্যান্স মেলে ধরছে বাংলার হয়ে। আর শাহবাজ এই মুহূর্তে অন্যতম সেরা টেস্ট অলরাউন্ডার।’
 ইডেনে ম্যাচ শুরু সকাল ৯টায়।