


সুব্রত ধর, শিলিগুড়ি: উত্তরবঙ্গ থেকেই জেলা সফরের সূচনা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার গঠনের মাত্র ১১ দিনের মাথায় আজ, বুধবার তিনি শিলিগুড়িতে আসছেন। এজন্য কামরাঙাগুড়ির মিনি সচিবালয় ‘উত্তরকন্যা’, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে সাজো সাজো রব। সংশ্লিষ্ট ভবনগুলিতে নীল-সাদা রং পালটে করা হচ্ছে হলুদ-সাদা। শিলিগুড়ি শহরে বর্ধমান রোড উড়ালপুলের রংও পালটানো হচ্ছে। একই সঙ্গে শুরু হয়েছে পাঁচ জেলার প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি।
গত ৯ মে ব্রিগেডে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন শুভেন্দু। সেই অনুষ্ঠানের মাত্র ১১ দিনের মাথায় আজ তিনি প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গে আসছেন। এজন্য শিলিগুড়ি শহরের উপকণ্ঠে ফুলবাড়িতে মিনি সচিবালয় ‘উত্তরকন্যা’ সাজছে। ইতিমধ্যে সচিবালয়ের আশপাশে জঙ্গল সাফাই করা হয়েছে। মিটিং হল সাফাই করা হয়েছে। রংয়ের পোঁচ পড়ছে দেওয়ালে।
শুধু তাই নয়, মিনি সচিবালয় ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সদর কার্যালয় কর্মচঞ্চল হয়ে ওঠে মঙ্গলবার। এদিন মেটাল ডিটেক্টার,স্ক্যানার,স্নিফার ডগ প্রভৃতি দিয়ে সমগ্র ভবন চত্বরে দফায় দফায় তল্লাশি অভিযান চালায় স্পেশাল সিকিউরিটি ফোর্স। মিনি সচিবালয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও দফায় দফায় বৈঠক করেন। প্রশাসনের এক আধিকারিক বলেন, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং এই পাঁচ জেলার ডিএম, এসপি সহ আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে বিধায়করা হাজির থাকবেন বলে খবর।
মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, ভোটের আগে মাটিগাড়ায় পুরসভা করার আশ্বাস দিয়েছিলাম। তাই নতুন পুরসভা, খড়িবাড়ি,নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া থানাকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সঙ্গে যুক্ত করার প্রস্তাব বৈঠকে দেব। এমনকী, শিলিগুড়িকে নিয়ে নতুন জেলা গঠন, এই শহরের আশপাশে এইমস হাসপাতাল গড়ার প্রস্তাবও দেব।
শুধু প্রশাসনিক বৈঠক নয়, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির অফিসেও যাবেন মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রে খবর, বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে মাল্লাগুড়িতে দলীয় কার্যালয়ে যাবেন মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে পার্টি অফিসে মঞ্চ গড়া হয়েছে। সেখনে দলের প্রায় ২২০ জন কার্যকর্তা হাজির থাকবেন। এরপর মুখ্যমন্ত্রী মিনি সচিবালয়ে আসবেন। এজন্য বাগডোগরা থেকে দলীয় কার্যালয়, মাল্লাগুড়ি থেকে ফুলবাড়ি পর্যন্ত রাস্তার দু’পাশ সাজিয়ে তোলা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাটআউটে।
প্রসঙ্গত, বিজেপির অন্যতম ঘাঁটি উত্তরবঙ্গ। বিগত বেশকিছু নির্বাচন থেকেই এখানে বিজেপির উত্থান শুরু হয়েছে। এবার পালাবদলের ঢেউয়ে এখান থেকে কার্যত মুছে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এমন প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর সফর তাৎপর্যপূর্ণ। শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈন বলেন, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ পদ্মের মাটি। তাই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে।