Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইকেল ও বাইকের স্ট্যান্ডে পরিণত হয়েছে প্রতীক্ষালয়

সাইকেল ও বাইকের স্ট্যান্ডে পরিণত হয়েছে প্রতীক্ষালয়
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: সাইকেল ও বাইকের অলিখিত স্ট্যান্ডে পরিণত হয়েছে যাত্রী প্রতীক্ষালয়। ফলে বাসের অপেক্ষায় থাকা যাত্রীদের দাঁড়াতে হচ্ছে খোলা আকাশের নীচে। তেহট্ট ১ ও ২ ব্লকের কয়েকটি প্রতীক্ষালয়ের এমনই অবস্থা হয়েছে। রোদ, ঝড়বৃষ্টিতেও সেখানে জায়গা পাচ্ছেন না যাত্রীরা। হেলদোল নেই প্রশাসনের।
Advertisement
তেহট্ট থেকে পলাশীপাড়া বা নাজিরপুরগামী রাজ্য সড়কের পাশে এসমস্ত প্রতীক্ষালয় রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, প্রতীক্ষালয়ে সাইকেল বা মোটরবাইক রাখা হয়েছে। যাত্রীদের বাইরেই দাঁড়াতে হচ্ছে। একারণে বর্ষাকালে তাঁরা খুব সমস্যায় পড়েন। তেহট্টের মহকুমা শাসক অনন্যা সিংহ বলেন, বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
নিত্যযাত্রী রমা বিশ্বাস, অমর মণ্ডলরা বলেন, দেখে মনে হচ্ছে, ওই সমস্ত প্রতীক্ষালয় যাত্রীদের জন্য বানানো হয়নি। সেগুলি যেন শেড দেওয়া পার্কিং জোন। শুধু সাইকেল আর সাইকেল সেখানে। কেউ কেউ জানালেন, এই পরিস্থিতির কারণ রয়েছে। এই সমস্ত প্রতীক্ষালয় যে সব জায়গায় রয়েছে, তা জনবহুল নয়। বাস ধরার জন্য বিভিন্ন গ্রামীণ রাস্তা ধরে আশপাশের গ্রামের মানুষকে রাজ্য সড়কের প্রতীক্ষালয় অবধি আসতে হয়। অনেকে যেমন বাস ধরে কাজে যান, তেমনি অনেক ছাত্রছাত্রী স্কুল-কলেজেও যায়। কিন্তু গ্রাম থেকে প্রতীক্ষালয় অবধি অনেককেই সাইকেল বা বাইকে আসতে হয়। আবার ফেরার সময় বাস থেকে নেমে সাইকেল বা বাইক নিয়ে রওনা দিতে হয়। কিন্তু রাজ্য সড়কের ধারে তো সাইকেল বা বাইক রাখার জায়গা নেই। সেকারণেই ‘দখল’ হয়ে যাচ্ছে প্রতীক্ষালয়। 
পলাশীপাড়া বাসমালিক সমিতির সভাপতি সাধন বিশ্বাস বলেন, একটা সময় বাসের জন্য প্রচুর যাত্রী প্রতীক্ষালয়ে বসে থাকতেন। এখন অটো ও টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় অত যাত্রী থাকেন না। ফলে প্রতীক্ষালয়গুলি অকেজো হয়ে পড়ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ