Bartaman Logo
১০ জুন, ২০২৬

ফের এক ঘণ্টায় তিনবার কাঁপল সিকিম, কম্পন অনুভূত উত্তরেও

ফের এক ঘণ্টায় তিনবার কাঁপল সিকিম। কম্পন অনুভূত হল উত্তরবঙ্গেও। শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে পশ্চিম সিকিমের গ্যালসিংয়ে প্রথম ভূমিকম্প হয়।

ফের এক ঘণ্টায় তিনবার কাঁপল সিকিম, কম্পন অনুভূত উত্তরেও
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ফের এক ঘণ্টায় তিনবার কাঁপল সিকিম। কম্পন অনুভূত হল উত্তরবঙ্গেও। শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে পশ্চিম সিকিমের গ্যালসিংয়ে প্রথম ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.২। সিকিমের পাশাপাশি কম্পন অনুভূত হয় দার্জিলিং পাহাড় এবং সংলগ্ন উত্তরবঙ্গের সমতলে। এরপরই সন্ধ্যা ৭টা নাগাদ দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিকিম। এবার কম্পনের কেন্দ্রস্থল ছিল নামচি। রিখটার স্কেলে তীব্রতা ছিল ২.৩। সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আবারও কম্পন অনুভূত হয় সিকিমে। এটির উৎপত্তিস্থল ছিল মঙ্গন। তীব্রতা ছিল ২.৮। 

Advertisement

গত বৃহস্পতিবার রাত ১টা ৯ মিনিট থেকে শুক্রবার ভোর ৫টা ২৯ মিনিট, এই প্রায় চার ঘণ্টায় মোট ১২বার ভূমিকম্প হয়েছে সিকিমে। এর মধ্যে প্রথম কম্পনের মাত্রা ছিল ৪.৫। পরের কম্পনগুলির তীব্রতা ছিল তার চেয়ে কম। দেখা যাচ্ছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সিকিমের যেসব এলাকায় ভূমিকম্প হয়, এদিনও সেই অঞ্চলগুলিই ছিল কম্পনের কেন্দ্রস্থল। একই এলাকায় কেন বারবার ভূমিকম্প হচ্ছে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সিকিম ও দার্জিলিং পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের মধ্যেও। তবে ভূমিকম্পের তীব্রতা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিকিমের আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট থেকে ৭টা ২৯ মিনিটের মধ্যে সিকিমে তিনবার ভূমিকম্প হয়েছে। আগের দিনও চার ঘণ্টায় মোট ১২ বার ভূমিকম্প হয়েছে। কেন এতবার একই অঞ্চলে কম্পনের ঘটনা ঘটে চলেছে, সেটা বিশেষজ্ঞরাই বলতে পারবেন।
একই এলাকায় বারবার কম্পন হওয়ায় এটি বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। যদিও বিষয়টি তেমন নয় বলে আশ্বস্ত করছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের প্রাক্তন বিভাগীয় প্রধান সুবীর সরকার। এদিন সন্ধ্যায় তিনি বলেন, সিকিমের যে অঞ্চলে বারবার কম্পন হচ্ছে, সেটি ভূমিকম্পপ্রবণ। ভূতাত্ত্বিক প্লেটের লোকাল অ্যাডজাস্টমেন্টের কারণে অনেক সময় এমন ছোটোখাটো কম্পন চলতে থাকে। যদিও যে তীব্রতার ভূমিকম্পের ক্ষেত্রে সাধারণভাবে এতবার ‘আফটার শক’ হতে পারে, সিকিমের ক্ষেত্রে তেমনটা হয়নি বলেই 
জানান সুবীরবাবু।

Advertisement
সম্পর্কিত সংবাদ