মুম্বই: বহু অপেক্ষার পর ঈদের ঠিক এক দিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভাইজানের ‘সিকান্দর’। একদিকে সলমনের ম্যাজিক। অন্যদিকে রশ্মিকার সঙ্গে তাঁর রসায়ন কেমন জমে? তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ফ্যানেরা। ভক্তকূলের কাছে ভাইজান পাশ মার্ক পেলেও বক্সঅফিসে কেমন সাড়া ফেলল ‘সিকান্দর’?
সমালোচকরা বলছেন, যতটা আলোচনা হয়েছিল, টাকার নিরিখে ততটা সাড়া কিন্তু ছবিটি ফেলতে পারেনি। 'সিকান্দার'-এর অগ্রিম বুকিং শুরু হয়েছিল ২৭ মার্চ, বৃহস্পতিবার থেকে। প্রথম দিন থেকেই বুকিং চলছিল পুরোদমে। ফলে অনেকে আশা করছিলেন এবছরের এখন পর্যন্ত রিলিজ হওয়া ছবির রেকর্ড ভেঙে দেবেন সলমন। কিন্তু কার্যক্ষেত্রে তা হল না। সোমবার প্রোডাকশন হাউসের তরফে প্রেস বি়জ্ঞপ্তিতে জানানো হয়েছে, বক্স অফিসে 'সিকান্দর' প্রথম দিনে ৩০.০৬ কোটি টাকা সংগ্রহ করছে। বিশ্বের হিসেবে এই আয় প্রায় ৫৪ কোটি।
এত ভালো কালেকশন করলেও 'সিকান্দর' রেকর্ড ভাঙতে পারেনি। কারণ, ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ভিকি কৌশলের ছবি 'ছাভা' প্রথম দিনে বক্স অফিস থেকে ৩১ কোটি টাকা আয় করেছিল। সেই নিরিখে 'ছাভা' এখনও এক নম্বরে রয়েছে। অন্যদিকে, 'সিকান্দার' ২০২৫ সালে দ্বিতীয় ছবি হিসেবে বড় ওপেনিং করেছে।