মুম্বই: সলমান খানের সিনেমা মানেই সুপার হিট। বলিউডে এই অলিখিত লিপি যেন ছিল খোদাই করা। কিন্তু সিকান্দর নিয়ে কি সেকথা বলা যাচ্ছে? ঈদে মুক্তি পাওয়া সলমনের এই সিনেমা নিয়ে গুঞ্জন ছিল ব্যাপক ভাবে। রশ্মিকার সঙ্গে সল্লুর কেমিষ্ট্রি কেমন জমে, তা দেখতে মুখিয়ে ছিল সকলেই। কিন্তু বক্স অফিসে কতটা সাড়া ফেলল সিকান্দর?
প্রথম দিন দুয়েক ভালো ব্যবসা করলেও, চতুর্থ দিন থেকেই বক্স অফিসে চাপে সিকান্দর। অনেকেই আশা করেছিলেন কয়েকদিনের মধ্যেই সলমানের এই ছবি ২০০ কোটি টাকা সংগ্রহ করবে। কিন্তু, চতুর্থ দিনে ১০ কোটি টাকাও ঘরে তুলতে পারল না সলমান ও রশ্মিকার জুটি।
একটি রিপোর্ট মোতাবেক, সিকান্দর মুক্তির প্রথম চার দিনে ভারতে আয়ের পরিমাণ মোট ৮৪.৪৫ কোটি টাকা। যার মধ্যে প্রথম দিনেই সিনেমাটি আয় করেছিল ২৬ কোটি টাকা। ঈদের দিনে আয় সামান্য বৃদ্ধি পেয়ে হয়েছিল ২৯ কোটি ও তৃতীয় দিনে ১৯.৭৫ কোটি টাকার ব্যবসা করে সিকান্দর এবং গতকাল অর্থাৎ চতুর্থ দিনে সিনেমাটির আয় হয়েছে মাত্র ৯.৭৫ কোটি টাকা।
‘সিকান্দর’ সিনেমাটিতে সলমন খান ছাড়াও অভিনয় করতে দেখা গিয়েছে রশ্মিকা মন্দানা, শারমান যোশী, কাজল আগরওয়াল ও সত্যরাজকে। সিনেমাটি পরিচালনা করেছেন ‘গজিনি’ খ্যাত পরিচালক এ আর মুরুগাডোজ।