কমেডি ঘরানায় বরাবর কাজ করতে ভালোবাসেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। ফের নিজের এই কমফোর্ট জোনেই ফিরতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, পরিচালক রাজ শানদিলিয়ার সঙ্গে জুটি বাঁধছেন তিনি। মহাবীর জৈনের প্রযোজনায় এই ছবি সম্পূর্ণ পারিবারিক। মজাদার নানা ঘটনায় মোড়া থাকবে গল্প। চলতি বছর সেপ্টেম্বরে শুরু হবে শ্যুটিং। এখনও ছবির নাম চূড়ান্ত হয়নি। চলছে চিত্রনাট্য লেখার কাজ। পাশাপাশি সিদ্ধার্থের বিপরীতে কে থাকবেন, তাও চূড়ান্ত নয়। খুব শীঘ্রই কাস্টিংয়ের কাজ শেষ হবে বলে খবর। তারপরই ছবির ঘোষণা করবেন নির্মাতারা। বর্তমানে সিদ্ধার্থ ব্যস্ত ‘পরম সুন্দরী’ ছবির শ্যুটিংয়ে। এই সিনেমায় জাহ্নবী কাপুরের সঙ্গে অভিনয় করছেন তিনি। এর শ্যুটিং পর্ব শেষ করেই নতুন ছবির কাজ শুরু করবেন নায়ক। অভিনেতার ব্যক্তিজীবনেও খুশির হাওয়া। আর কয়েক মাস পরেই বাবা হতে চলেছেন তিনি।



