চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন অভিনেত্রী সায়ামি খের। তিনি বিশ্বাস করেন জীবনের দৌড়ে সবসময় এগিয়ে থাকতে হয়। কেবল জীবন নয়, পেশাদার জগতেও এই নিয়ম মেনে চলেন তিনি। এবার রেসের মাঠেও এর প্রতিফলন ঘটালেন অভিনেত্রী। এক বছরের মধ্যে দু’বার আয়রনম্যান ৭০.৩ ট্রায়াথলন শেষ করলেন তিনি। এর হাত ধরে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে নজির গড়লেন নায়িকা। গত ৬ জুলাই সুইডেনের জোঙ্কোপিংয়ে দ্বিতীয় আয়রনম্যান ৭০.৩ শেষ করেছেন সায়ামি। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ দৌড় হিসেবে পরিচিত আয়রনম্যান ৭০.৩ হল বিশ্বের সবচেয়ে কঠিন ইভেন্টগুলির মধ্যে একটি। ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইকেল চালানো ও ২১.১ কিলোমিটার দৌড়— একদিনের মধ্যে এই সবক’টি শেষ করতে হয় প্রতিযোগীদের। এই চ্যালেঞ্জই নিয়েছিলেন সায়ামি। সফলভাবে তা পূরণও করেছেন অভিনেত্রী। ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথমবার আন্তর্জাতিক সার্কিটে আত্মপ্রকাশ করেন তিনি। এক বছরের মধ্যে দু’বার এই প্রতিযোগিতায় সাফল্য পেয়ে তাক লাগিয়েছেন নায়িকা।



