Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যুটআউট কাণ্ডে বিহার থেকে ধৃত আরও এক

শ্যুটআউট কাণ্ডে বিহার থেকে ধৃত আরও এক
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: জগদ্দলে খুনের ঘটনায় বিহার থেকে পুলিস আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম অজয় পাসোয়ান ওরফে ভিকি বা ভোদু। বিহারের গোপালগঞ্জ থেকে তাকে ট্রানজিট রিমাণ্ডে বারাকপুরে আনা হবে। 
Advertisement
উপ নির্বাচনের দিন জগদ্দলের চায়ের দোকানে অশোক সাউকে গুলি করে খুন করা হয়েছিল। ওই খুনে পুলিস কওসর আলি ও সুজল পাসোয়ান নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। ১৭ তারিখ বা গত রবিবার বর্ধমান স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রধান অভিযুক্ত সুজল প্রসাদ ও তার সাগরেদ সানি দাসকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে নিয়ে তল্লাশি চালিয়ে পুলিস জগদ্দলের একটি গোপন আস্তানা থেকে দুটি ওয়ান শটার পিস্তল ও এক রাউণ্ড কার্তুজ উদ্ধার করে। এই খুনের ঘটনায় যুক্ত অন্যতম অভিযুক্ত অজয় পাসোয়ানকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। কমিশনারেটের বিশেষ টিম গত ১৪ তারিখ থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে শনিবার রাতে তাকে জালে তোলে।
উল্লেখ্য, ২০২০ সালে ১৮ নভেম্বর ওই এলাকারই আকাশ প্রসাদ খুন হয়েছিল। তাতে অভিযুক্ত হিসেবে অশোক সাউয়ের নাম উঠে এসেছিল। দাদার খুনের বদলা নিতেই অশোককে খুনের ছক কষেছিল আকাশের ভাই সুজল প্রসাদ। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেও একবার অশোক সাউয়ের উপর দলবল নিয়ে হামলাও চালিয়েছিল সুজল। সেবার বরাত জোরে বেঁচে যায় সে। পুলিস সে সময় সুজলকে গ্রেপ্তারও করে। তার বিরুদ্ধে চার্জশিটও হয়। পরে জেল থেকে ছাড়া পেয়ে ফের বন্ধুদের নিয়ে অশোককে খুনের ছক কষে। নৈহাটিতে উপ নির্বাচনের দিন পুলিস ব্যস্ত ছিল। সেকথা অনুমান করে ওইদিন সে হামলা চালিয়েছিল।
সম্পর্কিত সংবাদ