Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুরের ৬টি পঞ্চায়েত এলাকার জন্য তৈরি হচ্ছে বিদ্যুতের সাব স্টেশন

শ্যামপুরের ৬টি পঞ্চায়েত এলাকার জন্য তৈরি হচ্ছে বিদ্যুতের সাব স্টেশন
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র শ্যামপুরের গাদিয়াড়া সহ ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরেই লো ভোল্টেজের সমস্যা। বিদ্যুতের এই সমস্যা দূর করতে এবার শ্যামপুর ১ নম্বর ব্লকের ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের গোয়ালদহে একটি নতুন বিদ্যুতের সাব স্টেশন তৈরি হচ্ছে। ইতিমধ্যেই তার জন্য জায়গা পরিদর্শন করেছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। শ্যামপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি সূত্রে খবর, গোয়ালদহে সাব স্টেশন তৈরি হয়ে গেলে ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায় লো ভোল্টেজের সমস্যা মিটবে এবং প্রায় ৫০ হাজার মানুষ উপকৃত হবেন। 
Advertisement
নদী তীরবর্তী এই পর্যটন কেন্দ্রে প্রায় সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। দীর্ঘদিন ধরে এই পর্যটন কেন্দ্র সহ শ্যামপুর ১ নম্বর ব্লকের বাণেশ্বরপুর ১ ও ২ নম্বর, রাধাপুর, ডিঙ্গাখোলা সহ ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা লো-ভোল্টেজের সমস্যায় ভুগছেন। বিশেষ করে গ্রীষ্মকালে সমস্যা আরও তীব্রতর হয়। স্থানীয় বিধায়ক কালীপদ মণ্ডল এ নিয়ে তৎপর হওয়ার পর বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় জায়গার কথা বলা হয়। এরপরেই ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের গোয়ালদহে সাব স্টেশন তৈরির জন্য জায়গা নির্ধারিত হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, লো-ভোল্টেজের কারণে প্রচুর সমস্যা হয়। সাব স্টেশন তৈরি হলে সমস্যা মিটবে। অন্যদিকে, গাদিয়াড়ার হোটেল মালিকদের বক্তব্য, হোটেলে বিদ্যুৎ সংযোগ থাকা সত্ত্বেও পর্যটকদের স্বার্থে জেনারেটার রাখতে হয়। শ্যামপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না বলেন, গোয়ালদহে প্রায় এক বিঘা জমিতে সাব স্টেশন তৈরি হবে। যেখানে এটি তৈরি হবে, সেই অঞ্চলটি নিচু। মাটি ফেলে উঁচু করতে হবে। ওই এলাকায় একটি সেতু তৈরি হচ্ছে। সেটি তৈরি হওয়ার পর সাব স্টেশন তৈরির কাজে হাত দেওয়া হবে বলে জানিয়েছেন মৃন্ময়বাবু।
সম্পর্কিত সংবাদ