Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুরে পুকুর থেকে মিলল যুবকের দেহ, মৃত্যু নিয়ে রহস্য

শ্যামপুরে পুকুর থেকে মিলল যুবকের দেহ, মৃত্যু নিয়ে রহস্য
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শ্যামপুর থানার বাছরি গ্রাম পঞ্চায়েতের সদাশিবপুরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম তাপস মান্না (৩০)। শ্যামপুর থানার পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শিবপুরে সোনার দোকানে কাজ করতেন তাপস মান্না। তিনি মাঝেমধ্যেই শ্বশুরবাড়িতে থাকতেন। বুধবার তিনি অসুস্থ হওয়ায় তাঁকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় সন্ধ্যায় নিজের বাড়িতে ফিরে আসেন। রাতে শ্বশুরবাড়ি যাওয়ার নাম করে এক পরিচিতের বাইকে করে বাড়ি থেকে বের হন। শুক্রবার সকালে বাড়ির একটু দূরে পুকুরের মধ্যে তাপসের মৃতদেহ ভাসতে দেখা যায়। তাপস শ্বশুরবাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরলেও সেখানে যাননি। স্বাভাবিকভাবেই এই মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে।
Advertisement
মৃতের বাবা শুকদেব মান্না বলেন, যে সোনার দোকানে ছেলে কাজ করত, তারা ওকে হাসপাতালে ভর্তি করেছিল। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর তারাই আবার ওকে বাড়িতে নিয়ে আসে। তাদেরই একজনের বাইকে চেপে ছেলে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিল। পরে আমরা জানতে পারি, ওই রাতে তাপস শ্বশুরবাড়ি যায়নি। ছেলে কীভাবে পুকুরে পড়ে গেল, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন শুকদেববাবু।
সম্পর্কিত সংবাদ