নয়াদিল্লি: জিনিসপত্রের লাগামছাড়া দামে ত্রাতার ভূমিকায় মরশুমি ফসল উৎপাদন। শীতের শাকসব্জির বাম্পার ফলনে স্বস্তি হেঁশেলে। এর জেরেই কিছুটা সুরাহা মিলেছে খুচরো বাজারে। গত ডিসেম্বরে খুচরো বাজারে মুদ্রাস্ফীতি ৫.২২ শতাংশে নেমে এসেছে। এই হার গত চারমাসে সর্বনিম্ন। সোমবার সরকারি পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। ফলে রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার ছাঁটাইয়ের সম্ভাবনা বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Advertisement
গত অক্টোবরেই মূল্য সূচক (সিপিআই) রিজার্ভ ব্যাঙ্কের সহনশীলতার ৬ শতাংশের সীমা ছাড়িয়েছিল। তারপর থেকে পর পর দু’মাস তা নিম্নমুখী থাকল। নভেম্বরে এই হার ছিল ৫.৪৮ শতাংশ। এক বছর আগে ডিসেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৬৯ শতাংশ। জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও) জানিয়েছে, গত ডিসেম্বরে সব্জি, ডাল ও ডালজাত সামগ্রী, চিনি, শস্যের দাম কমেছে। মুদ্রাস্ফীতি ২০২৪ সালের জুলাইতে সর্বনিম্ন ছিল। খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতি ডিসেম্বরে হয়েছে ৮.৩৯ শতাংশ। গত চার মাসের মধ্যে এই প্রথম তা ৯ শতাংশের নীচে নামল। নভেম্বরে এই হার ছিল ৯.০৪ শতাংশ।



