রায়পুর: মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিধানসভা উপ নির্বাচনের প্রচার শেষ হল। শেষদিনে বিজেপি ও কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সারেন। মধ্যপ্রদেশের বুধনি ও বিজয়পুর এবং ছত্তিশগড়ের দক্ষিণ রায়পুরে উপ নির্বাচন হবে। বিজয়পুরে বিজেপি প্রার্থী রাজ্যের বনমন্ত্রী রামনিবাস রাওয়াত। কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসে তিনি মন্ত্রী হয়েছেন। তাঁর পদত্যাগের ফলেই বিজয়পুর আসনটি ফাঁকা হয়েছিল। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী হয়েছেন মুকেশ মালহোত্রা। অন্যদিকে, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ার পর বুধনি আসনটি ফাঁকা হয়। সেখানে বিজেপি প্রার্থী করেছে রামকান্ত ভার্গবকে। কংগ্রেসের হয়ে লড়াই করছেন রাজকুমার প্যাটেল। শেষদিনের প্রচারে রাজকুমারের হয়ে বিজয়পুরে প্রচার করেন প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারি ও রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলট । এদিন বিজয়পুর ও বুধনিতে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করেন শিবরাজ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সহ একাধিক নেতা। শেষ দিনের প্রচারে বড় সমাবেশের বদলে ঘরে ঘরে গিয়েই প্রচারে উপরেই জোর দিয়েছিল শাসক, বিরোধী-দু’পক্ষই।



