Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শাসনে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে রাস্তা অবরোধ

শাসনে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে রাস্তা অবরোধ
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার দুপুরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শাসনের মহিষগদি এলাকায়। এই ঘটনায় খুনের অভিযোগ তুলে রাতে রাজারহাট-খড়িবাড়ি রাস্তায় আগুন জ্বালিয়ে চলল অবরোধ। শাসন থানার পুলিসের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছে উত্তেজিত জনতা। বিক্ষোভকারীদের পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আল আমিন সাহাজি (২৩)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল আল আমিনের। তাঁরা বিয়ে করে মহিষগদি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। সম্প্রতি তাঁদের সম্পর্কে চিড় ধরে। তারপর থেকেই অশান্তি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। রবিবার ওই ভাড়া বাড়ি থেকেই আল আমিনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মারধর করে তাঁকে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। শাসন থানায় গেলে পুলিস তাঁদের অভিযোগ নিতে অস্বীকার করেছে বলে দাবি করেছে পরিবার। তাদের স্পষ্ট দাবি, পুলিসের পক্ষ থেকে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন আল আমিন। তবে তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে মহিলাকে পুলিস আড়াল করতে চাইছে, সেই প্রশ্নই তুলেছে মৃতের পরিবার। ঘটনার সঠিক তদন্তের পাশাপাশি অভিযোগ গ্রহণ এবং ওই মহিলার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে রবিবার রাত ৮টা থেকে খড়িবাড়িতে রাজারহাটের রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ