Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশু পাচারকাণ্ডে অভিযুক্ত মানিককে বাচ্চা সরবরাহ করার কথা জেরায় কবুল জোৎস্নার

শিশু পাচারকাণ্ডে অভিযুক্ত মানিককে বাচ্চা সরবরাহ করার কথা জেরায় কবুল জোৎস্নার
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিশু পাচারকাণ্ডে অভিযুক্ত মানিক হালদারকে বাচ্চা সরবরাহ করত জোৎস্না। দীর্ঘদিন ধরে সে মানিকের এজেন্ট হিসেবে সে কাজ করছিল। ধৃত জোৎস্নাকে জেরা করে এই তথ্য হাতে পেয়েছেন সিআইডির আধিকারিকরা। এই মহিলা কতগুলি শিশু এখনও পর্যন্ত মানিককে দিয়েছে, তাকে জেরা করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। 
Advertisement
মানিকের মোবাইল ঘেঁটে জোৎস্নার নাম হাতে পান তদন্তকারীরা। দেখা যায়, তার সঙ্গে প্রায়ই কথা হতো অভিযুক্ত মানিকের। সে জেরায় জানায়, এই মহিলা তার এজেন্ট হিসেবে কাজ করে। জোৎস্নাই বিভিন্ন মহিলাদের জোগাড় করে। তাদের আর্থিক প্রলোভন দেখিয়ে গর্ভ ভাড়া নিত সে। মূলত আইভিএফ সেন্টারে আসা মহিলারাই তার টার্গেট ছিল। ওই মহিলাদের সন্তান প্রসব করানোর জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যেত অভিযুক্ত। তারপর সদ্যোজাত শিশুকে সে তুলে দিত মানিকের হাতে। এমনকী ভিন রাজ্য থেকেও সে বাচ্চা জোগাড় করেছে বলে অভিযোগ। তদন্তকারীরা বুঝতে পারেন, এই মহিলা হল আদতে জোগানদার। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত জোৎস্না জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তার সঙ্গে মানিকের পরিচয় হয় আইভিএফ সেন্টারে। এরপর এই চক্রে সে জড়িয়ে পড়ে। একইসঙ্গে সে নিঃসন্তান দম্পতি জোগাড় করে মানিকের কাছে নিয়ে আসত বলে তদন্তে উঠে এসেছে। এর বিনিময়ে ভালো টাকা কমিশন পেত সে। এভাবে কতজন বাচ্চা সে বিক্রি করেছে, তা ধৃতকে জেরা করে জানতে চাইছেন তদন্তকারীরা। সে নিজে গর্ভ ভাড়া দিত কি না, তাও জানার চেষ্টা চলছে।
সম্পর্কিত সংবাদ