নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আড়াই বছরের এক শিশুর মৃত্যুকে ঘিরে শোরগোল টিটাগড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হায়দার আলি রোডের এক শিশুর শ্বাসকষ্ট হওয়ায় তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান পরিবারের লোকজন। কিন্তু ওই চিকিৎসকের দেওয়া ওষুধ খাওয়ার পরই ওই শিশুটি ফের অসুস্থ হয়ে পড়ে। পরে, চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত বলে ঘোষণা করেন। এর এক ঘণ্টার মধ্যেই তিনি ওই শিশুর ডেথ সার্টিফিকেটও দিয়ে দেন।
Advertisement
পুরো ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। স্থানীয় লোকজন বিক্ষোভ দেখাতে থাকেন। ওই শিশুর বাবা সহ পরিবারের লোকজনের অভিযোগ, চার ঘণ্টা পর ডেথ সার্টিফিকেট দেওয়ার কথা। কিন্তু এক ঘণ্টার মধ্যে তিনি তা দিয়েছেন। একজন চিকিৎসক এটা কী করে দিতে পারেন? শিশুর সঠিক চিকিৎসাও হয়নি। স্থানীয় কাউন্সিলার নৌসাদ আলম বলেন, এমন ঘটনা মেনে নেওয়া যায় না। চিকিৎসক অন্যায় কাজ করেছেন। অবশ্য চিকিৎসকের বক্তব্য, তিনি অনেক দূরে থাকেন। চার ঘণ্টা পরে তাঁর পক্ষে ডেথ সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়। তাই আগে দিয়েছিলাম, এখানে অন্য কোনও কারণ নেই।



