নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুখে বলছেন, এক রহোগে তো সেফ রহোগে। কিন্তু আদতে প্রধানমন্ত্রীর তৃতীয় ইনিংসে নরেন্দ্র মোদি উগ্র হিন্দুত্বের এজেন্ডাকেই বাস্তবায়িত করতে চান। এমনই অভিযোগ বিরোধীদের। তাই মোদির এই এজেন্ডা বিফল করতে রবিবার রামলীলা ময়দানের দলীয় সমাবেশে চ্যালেঞ্জ ছুড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। বললেন, মোদি মুখে বলছেন এক রহো। কিন্তু এক থাকতেই দিচ্ছেন না। তিনিই সমাজে বিভাজন করছেন। তাহলে মানুষ নিরাপদ থাকবে কী করে? মোদির উদ্দেশে খাড়্গে বলেন, যে ঐতিহাসিক লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেন, সেটি তো মুসলমানের তৈরি। সেটাও কি ভেঙে দেবেন? দিল্লির কুতুব মিনার, আগ্রার তাজমহল? এসব ভাঙতে পারবেন?
Advertisement
এখানেই থামেননি খাড়্গে। ‘কৌশলে’ আরএসএস-মোদির বিবাদ বাঁধানোর চেষ্টা করেন। বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত বলেছেন, রামমন্দির তৈরি করাই ছিল তাঁদের টার্গেট। সব মসজিদে শিবলিঙ্গের অনুসন্ধান করা নয়। তাহলে? প্রশ্ন তুলে কংগ্রেস সভাপতির তোপ, কীসের জন্য পুরনো মসজিদ, দরগায় হিন্দু দেবতা খোঁজার সমীক্ষা? এভাবে দেশে অশান্তি বাঁধানোর চেষ্টা করছেন মোদি। নিজের ‘মল্লিকার্জুন’ নামকে অস্ত্র করেও মোদিকে বেঁধেন খাড়্গে। বলেন, আমি একজন দলিত। নাম মল্লিকার্জুন। যা জ্যোতির্লিঙ্গের নাম। তাও আমি নিজেকে স্রেফ হিন্দু হিন্দু করি না। ভারতের সংবিধান যে ধর্মনিরপেক্ষতার কথা বলেছে, তারই পুজো করি। তাই আমাদের একজোট থাকতেই হবে। রুখতে হবে মোদির মিশন।



