সংবাদদাতা, কালনা: নাদনঘাট থানার শ্রীরামপুরে তিন পুলিস কর্মীকে মারধরের অভিযোগ উঠল প্রাক্তন সিআরপিএফ কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় নাদনঘাট থানার পুলিস ওই প্রাক্তন সিআরপিএফ কর্মীকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম অনল দে। বাড়ি শ্রীরামপুর এলাকায়। ধৃতকে সোমবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার পূর্বস্থলী-১ ব্লক লোকসংস্কৃতি উৎসব ও কৃষিমেলার শেষ দিনে শ্রীরামপুর যুব সঙ্ঘের মাঠে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। স্থানীয় বাসিন্দা প্রাক্তন সিআরপিএফ কর্মী অনল দে সাইকেল ও বাইক রাখার পার্কিং করেন। অভিযোগ, রাতে পার্কিংয়ে গাড়ি রাখাকে কেন্দ্র করে এক মহিলার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন অনলবাবু। খবর পেয়ে নাদনঘাট থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। সেই সময় অনলবাবু মদ্যপ অবস্থায় পুলিস কর্মীদের উপর চড়াও হয়ে মারধর করে শুরু করেন বলে অভিযোগ।



