সংবাদদাতা, বর্ধমান: জামালপুর থানার মশাগ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার সময় সাইকেল থেকে পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম সুমন্ত মণ্ডল(১২)। সে জামালপুর থানার সাঁচরা হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে স্কুল থেকে সাইকেল নিয়ে সে বাড়ি ফিরছিল। পথে সাইকেল থেকে পড়ে তার পেটের নীচের দিকে হ্যান্ডেল ঢুকে যায়। তাতে সে গুরুতর জখম হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ছাত্রর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজনরা বলেন, প্রতিদিনই সে সাইকেল চালিয়ে স্কুল যেত। স্কুলে অনুষ্ঠান ছিল। ওই দিন সে একটু আগেই স্কুলে পৌঁছে গিয়েছিল। দুপুরের দিকে বাড়ি ফেরার পথে সে সাইকেল থেকে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে ওই অবস্থায় দেখে আতঙ্কিত সহপাঠীরা চিৎকার করতে থাকে। স্থানীয় এক চিকিৎসক বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।



