Bartaman Logo
২৭ মে, ২০২৬

শ্রীনগরে মৃত একই পরিবারের পাঁচ

শ্রীনগরে মৃত একই পরিবারের পাঁচ
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: প্রবল ঠান্ডার হাত থেকে বাঁচতে রাতে ঘর বন্ধ করে হিটার জ্বালিয়েছিলেন। সেটাই কাল হল। পরের দিন এক দম্পতি ও তাদের তিন সন্তানকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। শনিবারের এই মর্মান্তিক ঘটনাটি শ্রীনগরের পান্ড্রেথান এলাকার। জানা গিয়েছে, বারামুলার উরির ওই পরিবার পান্ড্রেথানে ভাড়ার বাড়িতে থাকত। প্রাথমিক তদন্ত অনুযায়ী, দমবন্ধ হয়েই পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। একইসঙ্গে শীতকালে হিটার ব্যবহার নিয়েও মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। 
Advertisement
শীতে ঘর গরম রাখতে ভূস্বর্গে  অনেক সময় এলপিজি হিটার ব্যবহার করা হয়। এর জেরে তৈরি হয় কার্বন মনোক্সাইড। এই বিষাক্ত গ্যাস বেশি মাত্রায় ঘরে থাকলেই বিপদ। এই পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকার বার্তা দিয়েছে চিকিৎসক মহল। শের-ই কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের সংক্রামক রোগ বিভাগের প্রধান ডাঃ ইজাজ নবি কাউল বলেন, ‘দমবন্ধ হয়ে মৃত্যুর অন্যতম কারণ কার্বন মনোক্সাইড গ্যাস। এর জেরে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। হিটার ব্যবহারের ক্ষেত্রে ঘরে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা উচিত।’
সম্পর্কিত সংবাদ