শ্রীনগর, ৩১ ডিসেম্বর: আজ, মঙ্গলবার ২০২৪ সালের শেষ দিন। পুরো ডিসেম্বরেই সেভাবে শীতের দেখা না মিললেও বছরের শেষ সপ্তাহে কিন্তু বেশ ভালোই অনুভূত হচ্ছে ঠাণ্ডা। দিল্লি, উত্তরপ্রদেশ, হিমাচলের একাধিক জায়গায় হুড়মুড় করে নামছে তাপমাত্রা। পিছিয়ে নেই জম্মু ও কাশ্মীরও। ক্রমাগতই নামছে তাপমাত্রা। আজ শ্রীনগরের তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কেরও নিচে, মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে। হাড়কাঁপানো ঠাণ্ডায় জবুধবু ভূস্বর্গের মানুষজন। এরমধ্যেই শ্রীনগরের ডাল লেক জমে বরফ হয়ে গিয়েছে। এদিন সকালে শিকারা নিয়ে যেতে সমস্যা দেখা দেওয়ায় লেকের বরফ কাটতেও দেখা যায় একাধিক ব্যক্তিকে। বেলার দিকে অবশ্য বরফ কেটে লেকের অন্য প্রান্তের দিকে এগোতে দেখা যায় কিছু শিকারাকে। উল্লেখ্য, এই ডাল লেক পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। শিকারায় ভ্রমণ, হাউসবোটে যাতায়াত, ফ্লোটিং বাজার, ফ্লোটিং পোস্ট অফিস, শিকারায় ফুল বিক্রি এসব কিছুর জন্যই লেকের উপর অনেকটা নির্ভর করতে হয় সেখানকার মানুষজনদের। জাঁকিয়ে ঠাণ্ডায় পড়ার পাশাপাশি সেই লেকের জলও জমে যাওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন স্থানীয়রা একথা বলাই বাহুল্য।



