মুম্বই: শারদ পাওয়ারের কনভয়ের গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল মহারাষ্ট্রের বিদ জেলায়। জানা গিয়েছে, এই দুর্ঘটনার জেরে একের পর এক গাড়ি একে অন্যকে ধাক্কা মারতে থাকে। যদিও হতাহতের কোনও খবর মেলেনি। বিদ জেলার কেজ তালুকের মাসাযোগ গ্রামের প্রধান সন্তোষ দেশমুখকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। এদিন তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এনসিপি (এসপি) প্রধান। পুলিস সূত্রে খবর, তাঁর কনভয়ের সামনে একটি অ্যাম্বুলেন্স ছিল। হঠাৎই চালক অ্যাম্বুলেন্স থামিয়ে দেন। এর ফলে পরের গাড়ি গুলি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর একে অন্যকে ধাক্কা মারে। বিধায়ক সন্দীপ কাশিরসাগরের গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কেউ হতাহত না হওয়ায় বড় বিপদ এড়ানো গিয়েছে।
Advertisement
প্রসঙ্গত, ওই গ্রাম প্রধান (সরপঞ্চ)-এর খুনকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এদিন তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এনসিপি (এসপি) সুপ্রিমো। সেইসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রশাসনের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। রবিবার পাওয়ার নিহতের বাড়িতে পৌঁছনোর আগেই এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে দেবেন্দ্র ফড়নবিশ সরকার। পাশাপাশি ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যেরও ঘোষণা করা হয়েছে।



