মুম্বই: নতুন বছরের উন্মাদনা উধাও। লগ্নিকারীদের মুনাফা ঘরে তোলার হুড়োহুড়িতে শুক্রবার মুখ থুবড়ে পড়ল ভারতীয় শেয়ার বাজার। এদিন ৭২০ পয়েন্ট বা ০.৯০ শতাংশ পড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক সেনসেক্স। দিনের শেষে থিতু হয় ৭৯ হাজার ২২৩ অঙ্কে। বড় পতন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)-এও। সূচক নিফটি ১৮৩ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ হ্রাস পেয়ে ২৪ হাজার ৪ পয়েন্টে থামে। ক্ষেত্রগত সূচকগুলির মধ্যে নিফটি ফিন্যান্সিয়াল সার্ভিসেস পিছলে গিয়েছে ১.১ শতাংশ। নিফটি ব্যাঙ্ক সূচক পড়েছে ১.২ শতাংশ। এদিকে, নজিরবিহীন তলানিতে টাকাও। বাজার বন্ধ হওয়ার সময় ডলারের নিরিখে তা আরও তিন পয়সা হ্রাস পেয়েছে। ফলে এক ডলারের মূল্য কমে ঠেকেছে ৮৫ টাকা ৭৮ পয়সা।



