Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

শপিং মলের পার্কিং লটে আত্মহত্যার চেষ্টা মহিলার

আত্মহত্যা করতে প্রিন্স আনোয়ার শাহ রোডের এক নামী শপিং মলে আসা এক মহিলাকে উদ্ধার করে জীবন বাঁচাল যাদবপুর থানার পুলিস। বুধবার রাত ১০টা নাগাদ বছর একচল্লিশের ওই মহিলাকে মলের পাঁচতলার পার্কিং জোনে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন মলের ম্যানেজার।

শপিং মলের পার্কিং লটে আত্মহত্যার চেষ্টা মহিলার
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আত্মহত্যা করতে প্রিন্স আনোয়ার শাহ রোডের এক নামী শপিং মলে আসা এক মহিলাকে উদ্ধার করে জীবন বাঁচাল যাদবপুর থানার পুলিস। বুধবার রাত ১০টা নাগাদ বছর একচল্লিশের ওই মহিলাকে মলের পাঁচতলার পার্কিং জোনে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন মলের ম্যানেজার। তৎক্ষণাৎ বিষয়টি যাদবপুর থানাকে জানানো হয়। খবর পেয়ে বাহিনী নিয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন যাদবপুর থানার এসআই তৃষা ঘোষ। মলের নিরাপত্তারক্ষীদের সাহায্যে পুলিস ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিসের পক্ষ থেকে খবর পাঠানো হয় মহিলার যোধপুর পার্কের বাড়িতে। রাতেই থানায় আসেন তাঁর মা ও কাকা।
Advertisement
প্রাথমিক তদন্তে যাদবপুর থানার পুলিস জানতে পেরেছে, ২০১৪ সালে ওই মহিলার বিয়ে হয়েছে। তাঁর স্বামী তথ্যপ্রযুক্তি কর্মী, বর্তমানে রয়েছেন আমেরিকার পেনসিলভেনিয়ায়। তাঁদের ন’বছরের এক মেয়ে রয়েছে। পরিবারের দাবি, ‘গত চার-পাঁচ বছর ধরে মহিলা মানসিকভাবে অসুস্থ। তাঁর চিকিৎসা চলছে।’ মাসখানেক আগে এই মহিলা পেনসিলভেনিয়া থেকে কলকাতায় ফেরেন। তাঁর ব্যাগ তল্লাশি চালিয়ে একটি সুইসাইড নোটের পাশাপাশি তাঁর মেয়ের ছবি উদ্ধার করেছে পুলিস। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, ‘মানসিক ও শারীরিক অসুস্থতার হাত থেকে মুক্তি পেতেই আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন তিনি।’ এ যাত্রায় মল কর্তৃপক্ষ এবং যাদবপুর থানার তৎপরতায় প্রাণে বেঁচে গেলেন ওই মহিলা।
এদিকে, যাদবপুর থানায় প্রাথমিক কাউন্সেলিংয়ের পর কিছুটা ধাতস্থ হলে মহিলাকে তাঁর কাকার হাতে তুলে দেওয়া হয়। মানবিক কারণে এই ঘটনায় ওই মহিলার বিরুদ্ধে কোনও মামলা দায়ের করেনি যাদবপুর থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ