• শাড়ির বুননে দুই বোনের স্বপ্নপূরণের গল্প নিয়ে এগিয়ে চলেছে ‘শোলক সারি’। সান বাংলার এই ধারাবাহিক গত কয়েক মাস ধরে দর্শকের প্রশংসা আদায় করে নিয়েছে। চিত্রনাট্য অনুযায়ী শোলক এবং সারি দুই বোন। নিজেদের তৈরি শাড়ি নিয়ে অনেক স্বপ্ন তাদের। কিন্তু, দুই বোনের সুখের জীবনে অশান্তির আবহ তৈরি করতে হাজির আঁচল মুখোপাধ্যায়! এই মুহূর্তে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। শোলকের চরিত্রে অভিনয় করছেন সুকন্যা চক্রবর্তী। প্রথম ধারাবাহিকেই নজর কেড়েছেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘প্রথম ধারাবাহিকেই দর্শকদের এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। শোলক অন্যদের থেকে একটু আলাদা। মেয়েটি মারপিট করে। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে বাস্তবেও আমি ফাইটের বেশ কিছু কায়দা রপ্ত করে ফেলেছি।’ বহু সিনিয়র অভিনেতার সঙ্গে কাজ করছেন সুকন্যা। ধারাবাহিকের শ্যুটিংয়ে প্রতিটি দিনই তিনি নতুন কিছু শেখার সুযোগ পান বলে জানালেন। নিজের পারফরম্যান্স যাতে আরও ভালো হয়, তার জন্য নিরন্তর চেষ্টা করেন তিনি। পাশাপাশি দর্শকের আশীর্বাদই এই ধারাবাহিকের সাফল্যের চাবিকাঠি বলে মনে করেন সুকন্যা।



