Bartaman Logo
১০ জুন, ২০২৬

শুনানিতে অনুপস্থিত আইনজীবী,   কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

শুনানিতে অনুপস্থিত আইনজীবী,   কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই কি তদন্ত করতে পারে? এই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের ভৎর্সনার মুখে মোদি সরকার। আদালতে কেন্দ্রের হয়ে সওয়াল করার জন্য কোনও আইনজীবী না থাকায় ক্ষিপ্ত হয় বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চ। কেন্দ্রের পক্ষ থেকে মামলা পিছনোর জন্য আবেদন করাতেও অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত। ‘এত গুরুত্বপূর্ণ একটা মামলায় কেন কেন্দ্রের কোনও সিনিয়র কাউন্সিল উপস্থিত থাকবেন না? সরকারের কি ল’ অফিসার কম আছেন? তাহলে কেউ নেই কেন?’ প্রশ্ন তুলে পর্যবেক্ষণে মোদি সরকারকে ভর্ৎসনা করেন বিচারপতি গাভাই। 
Advertisement
এদিন মামলাটি শুনানির জন্য উঠলে কেন্দ্রের পক্ষে এক জুনিয়র আ‌ইনজীবী জানন, সওয়াল করার জন্য কৌসুঁলি উপস্থিত নেই। যে কারণে মামলাটি কিছুক্ষণ পরে শোনার আবেদন করেন তিনি। যার জেরে সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় সরকার পক্ষকে। পরে সলিসেটর জেনারেল তুষার মেহতা অন্য এজলাস থেকে হাজির হলেও দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, এদিন আর মামলাটি শোনা হবে না। আগামী ১৮ মার্চ মামলার পরবর্তী শুনানি হতে পারে বলে সূত্রের খবর।
২০১৮ সালের ১৬ নভেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় সিবিআই তদন্তের প্রশ্নে ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহারের প্রস্তাব পাশ হয়। ঠিক হয়,  রাজ্যে কোনও মামলায় এফআইআর দায়ের করে তদন্ত শুরুর আগে সিবিআইকে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। যদিও তারপরেও সিবিআই নিজের ইচ্ছামতো পশ্চিমবঙ্গে তদন্ত করছে বলেই অভিযোগ। রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্ত করতে পারে কি না, এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যায় পশ্চিমবঙ্গ। এই মামলায় অধিকারের প্রসঙ্গ তুলেছে রাজ্য সরকার। গত চার বছর চলছে মামলা। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য এধরনের মামলা করতে পারে কি না, তা নিয়ে এতদিন ধরে চলেছে শুনানি। ২৬ বার মামলা পিছনোর আবেদন করেছে মোদি সরকার। ২০২৪ সালের ১০ জুলাই সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়েছিল যে রাজ্য সরকারের মামলা করার অধিকার আছে। কিন্তু মূল আবেদন অর্থাৎ রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্ত করতে পারে কি না, সেই মামলা এদিন শুনানির জন্য তালিকাবদ্ধ ছিল। হাজির ছিলেন রা঩জ্যের আইনজীবী কপিল সিবাল।
Advertisement
সম্পর্কিত সংবাদ