নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী শনিবার ফের দিল্লি চলোর ডাক দিচ্ছেন আন্দোলনকারী কৃষকরা। মঙ্গলবার পাঞ্জাব-হরিয়ানা সীমানায় কৃষক নেতা এস এস পান্ধের এই ঘোষণা করেছেন। তাঁর দাবি, বিজেপি সরকারের পুলিসের আক্রমণে ভয় পেয়ে পিছু হটার কোনও প্রশ্নই নেই। ১৪ ডিসেম্বর ফের শম্ভু সীমানা থেকে আমরা দিল্লির উদ্দেশে যাব। বিজেপি সরকার ও তার পুলিস-প্রশাসন যা পারে করে নিক। এদিন হরিয়ানা সরকারের উদ্দেশে এমনই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আন্দোলনকারী কৃষকরা। গত সপ্তাহে দু’দফায় দিল্লি চলো অভিযান করেছিলেন পাঞ্জাব-হরিয়ানা সীমানার আন্দোলনকারী কৃষকরা। যদিও পুলিস তাঁদের সীমানা পেরতেই দেয়নি। ফলে দফায় দফায় উত্তপ্ত হয়েছে পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানা। শনিবার আবারও সেই সংঘাতের পরিস্থিতি তৈরি হতে চলেছে।



