নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সিলিকোসিস আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে পশ্চিম বর্ধমান জেলায়। মরণ রোগে এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে আক্রান্ত চারজন। বুধবারই স্বাস্থ্যদপ্তর সহ সংশ্লিষ্ট সবপক্ষকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন জেলাশাসক পোন্নমবলম এস। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে সব কারখানা থেকে সিলিকোসিস হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলিকে প্রথমে চিহ্নিত করা হবে। তারপর স্বাস্থ্য ও শ্রমদপ্তরের আধিকারিক, জেলা প্রশাসন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা একযোগে কারখানাগুলি পরিদর্শন করবে। স্পঞ্জ আয়রন কারখানার পাশাপাশি বিভিন্ন ক্র্যাশার ইউনিটগুলিও পরিদর্শনে যাবে প্রশাসনিক আধিকারিকরা। তারপরই প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
Advertisement
কঠোর পদক্ষেপের পাশাপাশি রোগ নিয়ন্ত্রণ ও চিহ্নিতকরণের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রথমত, ফ্যাক্টরিগুলিকে নিয়ে ওয়ার্কশপের আয়োজন করা হবে। সেখানে মালিকপক্ষকে জানানো হবে, তাঁদের কী কী করা বাধ্যতামূলক। শ্রমিকদেরও জানানো হবে, কী কী সাবধানতা অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত, যে সব ফ্যাক্টরিতে অত্যাধিক দূষণ হয়, সেখানে গিয়ে মেডিক্যাল ক্যাম্প করা হবে। সেখানকার কর্মরত শ্রমিকদের শরীরে টিবি, সিলিকোসিস দানা বেঁধেছে কিনা, তা খতিয়ে দেখা হবে। জেলাশাসক বলেন, সিলিকোসিস অত্যন্ত ভয়ঙ্কর রোগ। আমরা কারখানাগুলিতে যৌথ পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছি। তাদের নিয়ে ওয়ার্কশপ, মেডিক্যাল ক্যাম্পও করানো হবে।



