সংবাদদাতা, বসিরহাট: অনুষ্ঠান বাড়িতে এক বিবাহিত মহিলাকে মুখ চাপা দিয়ে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা। এমন অভিযোগ উঠেছে উত্তর বসিরহাটের হাসনাবাদ এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই গ্রামে একটি বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান ছিল। সেখানে ওই মহিলা তাঁর সন্তানদের নিয়ে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, বাড়ির সামনের দিকে অনুষ্ঠান নিয়ে সকলে ব্যস্ত ছিলেন। কিন্তু বাড়ির পিছন দিকটা ফাঁকা ছিল। সেখানে যেতেই চারজন আমার উপর ঝাঁপিয়ে পড়ে শ্লীলতাহানি শুরু করে। বাঁধা দিতে গেলে আমার মুখ চেপে ধরে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এরপর মহিলার চিৎকারে পরিবারের লোকেরা ছুটে এলে দুষ্কৃতীরা তাঁদের হুমকি দিয়ে চলে যায়। অভিযোগ পাওয়ার পর পুলিস তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জেলা পুলিস সুপারকে লিখিত অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা।



