নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ফেসবুক লাইভে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে গত ৫ ডিসেম্বর আত্মঘাতী হয়েছিলেন খালসা মডেল স্কুলের শিক্ষিকা জাসবির কাউর। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে শনিবার দুপুরে ডানলপ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন মৃত শিক্ষিকার পরিজন, প্রতিবেশী, সহকর্মীরা। প্রায় দু’ঘণ্টা বিটি রোড অবরোধ চলায় স্তব্ধ হয়ে যায় যান চলাচল। অনেকে হেঁটে গন্তব্যস্থলের দিকে রওনা দেন। পরে বরানগর এবং দক্ষিণেশ্বর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। অবরোধকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত সঠিক তদন্ত এবং বিচার হবে, তাঁরা মৃত শিক্ষিকার দেহ সৎকার করবেন না। এদিন ব্যস্ততম ডানলপ মোড়ে অবরোধ চলায় কলকাতা অভিমুখে সিঁথি মোড় ছাড়িয়ে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি। দক্ষিণেশ্বর অভিমুখেও গাড়ির লম্বা লাইন পড়ে। মৃতার ভাই জসপ্রিত সিং গেরেওয়াল বলেন, দিদি মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের নাম ফেসবুক লাইভে বলে গিয়েছেন। তা সত্ত্বেও পুলিস কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। বারাকপুর পুলিসের এক কর্তা জানান, ইতিমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



