Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শিক্ষিকার আত্মহত্যা, অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় ফের অবরোধ

শিক্ষিকার আত্মহত্যা, অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় ফের অবরোধ
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: ডানলপে স্কুল শিক্ষিকার আত্মহত্যার পর আট দিন কেটে গেলেও অভিযুক্ত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিস। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার ফের পথে নামেন স্থানীয়রা। এদিন দুপুর আড়াইটে থেকে ডানলপ মোড়ে বি টি রোড অবরোধ করেন তাঁরা। এক ঘণ্টারও বেশি সময় অবরোধ চলায় তীব্র যানজট হয়। পরে পুলিস গিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানলপ মোড়ে একটি নামকরা স্কুলের জুনিয়র বিভাগের শিক্ষিকা ছিলেন জসবির কাউর (৫৮)। ওই শিক্ষিকা ফেসবুক লাইভে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে গত বৃহস্পতিবার রাতে আত্মঘাতী হয়েছিলেন। প্রায় ১৫ মিনিটের ওই ভিডিও বার্তায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন তিনি। পরিবারের তরফে স্কুলের প্রিন্সিপাল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিস এখনও কাউকে গ্রেপ্তার করেনি। গত শনিবারও মৃতার আত্মীয়-পরিজন ও স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন। একই অভিযোগে তাঁরা শুক্রবার ফের বি টি রোড অবরোধ করেন। ফলে বি টি রোডের দু’দিকের লেন ছাড়াও দক্ষিণেশ্বরগামী পিডব্লুডি রোডে তীব্র যানজট হয়। তাঁদের দাবি, পুলিস দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলন হবে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার তদন্তভার দক্ষিণেশ্বর থানার হাত থেকে বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের হাতে হস্তান্তর হয়েছে। গোয়েন্দা প্রধান গণেশ বিশ্বাস বলেন, অত্যন্ত গুরুত্বের সঙ্গে কেসটি দেখা হচ্ছে। ইনসপেক্টর পদমর্যাদার একজন অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ