নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী শনিবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। জনাদেশ জানা যাবে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের উপ নির্বাচনেরও। তার আগের দিন, শুক্রবার দিল্লিতে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকদের বৈঠক ডাকল বিজেপি। এই বৈঠকে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। দলের পরবর্তী সর্বভারতীয় সভাপতির প্রাথমিক নাম বাছাইও কি থাকতে চলেছে ওই বৈঠকের আলোচ্যসূচিতে? এই প্রশ্নকে কেন্দ্র করে তুমুল জল্পনার সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারের পরিবর্তে কাকে বসানো হবে, তা নিয়েও প্রাথমিক আলোচনা হতে পারে বৈঠকে। এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
Advertisement
বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে সর্বভারতীয় স্তরে জে পি নাড্ডা এবং রাজ্যস্তরে সুকান্তবাবুকে সভাপতিত্ব ছাড়তেই হবে। বর্তমানে দু’জনেই কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে চর্চায় রয়েছে দুই প্রথমসারির নেতা সুনীল বনসল এবং বিনোদ তাওড়ের নাম। কিন্তু মঙ্গলবার মহারাষ্ট্রে টাকা বিলি কাণ্ডে বিনোদ তাওড়ের নাম জড়ানোয় তাঁর সেই ‘পদোন্নতি’র সম্ভাবনা ক্ষীণ বললেই চলে। বিজেপির অন্দরে এমনই খবর। শুক্রবারের বৈঠকে থাকতে পারেন সুনীল বনসল। অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পরবর্তী রাভাপতি হিসেবে চর্চায় রয়েছে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ও জগন্নাথ সরকার এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর নাম।
আগামী সোমবার শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। শুক্রবারের বৈঠকে তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।
আগামী সোমবার শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। শুক্রবারের বৈঠকে তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।



