মুম্বই: বলিউড অভিনেতা শাহরুখ খানকে খুনের হুমকি দেওয়ায় ছত্তিশগড়ের রায়পুর থেকে এক আইনজীবীকে গ্রেপ্তার করল মুম্বই পুলিস। ধৃতের নাম মহম্মদ ফৈজান খান। সলমন খানকে একের পর এক হুমকির ঘটনায় শোরগোলের আবহে শাহরুখকেও হুমকি পাঠানো হয়েছিল। সেখানে ৫০ লক্ষ টাকা দাবি করা হয়। এই ঘটনার তদন্তে নেমে মুম্বই পুলিসের একটি দল জানতে পারে, রায়পুরের আইনজীবী ফৈজান খানের ফোন ব্যবহার করেই ওই হুমকি দেওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে পুলিস। তবে তিনি হাজিরা দেননি। আইনজীবীর দাবি ছিল, তাঁর ফোন হারিয়ে গিয়েছে। গত ২ নভেম্বর এই বিষয়ে থানায় অভিযোগও দায়ের করেছিলেন। অবশেষে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয় ওই আইনজীবীকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ (৪), ৩৫১ (৩) (৪) ধারায় পুলিস অভিযোগ দায়ের করেছে।



