Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরে অকাল রাখি উৎসব, গাড়ি চালকদের   হাতে ‘নো ফোন’ প্রতীক বেঁধে দিল পড়ুয়ারা

শহরে অকাল রাখি উৎসব, গাড়ি চালকদের   হাতে ‘নো ফোন’ প্রতীক বেঁধে দিল পড়ুয়ারা
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যস্ত পার্ক স্ট্রিট মোড়। আচমকা একটি কালো গাড়িকে দাঁড় করাল ট্রাফিক পুলিস। চালকের মুখে আতঙ্ক। সিট বেল্টের দিকে একবার নজর দিলেন, ঠিক জায়গাতেই তো আছে। ভাবলেন, সিগন্যাল ফেল করিনি, তাহলে কী করলাম! গাড়ি দাঁড় করালেন চালক। কিন্তু পুলিস নয় এগিয়ে এল এক কিশোরী। তার সবুজ জামায় কলকাতা পুলিস লেখা। চালককে তার অনুরোধ, ‘হাতটা এগিয়ে দাও তো কাকু, রক্ষার বন্ধন বাঁধব।’
Advertisement
অবাক চোখে কিশোরীর দিকে তাকালেন গাড়ি চালক। আজ তো রাখি পূর্ণিমা না। তাহলে ‘রক্ষার বন্ধন’ বিষয়টি কি? তাঁর হাতে ততক্ষণে ‘রাখি’ বাঁধা শেষ। তাতে ফোন চিহ্ন আঁকা। তার উপর কালো ‘ক্রস’ আঁকা। অর্থাৎ, ‘নো ফোন’ চিহ্ন। ‘রাখি’র ব্যাখ্যা দিল কিশোরী নিজেই। কলকাতা পুলিস এলাকায় চলছে পথ নিরাপত্তা সপ্তাহ। সেই উপলক্ষ্যে এই অকাল ‘রক্ষা বন্ধন’। উদ্দেশ্য, হাতে ‘নো-ফোন’ চিহ্ন লাগানো থাকলে গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা বা মেসেজ করা থেকে বিরত থাকবেন চালকরা। তাতে দুর্ঘটনার সম্ভাবনা কমবে। শুধু তাই নয়, নিজের জীবনের পাশাপাশি রাস্তায় চলা পথচারীদের জীবনও সুরক্ষিত থাকবে। 
সোমবার থেকে কলকাতায় শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। প্রতিদিন একটি নির্দিষ্ট ট্রাফিক বিধি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সচেতনতার বার্তা দিচ্ছে লালবাজার। পথচারীদের নিরাপত্তা, হেলমেট পরা নিয়ে সচেতনতা সংক্রান্ত বিশেষ প্রচার চলছে ট্রাফিক গার্ডগুলির তরফে। বুধবারের বিষয় ছিল, ‘গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা।’ সেই উদ্দেশে, শহরের সবক’টি ট্রাফিক গার্ডে অভিনব উপায়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। শহরজুড়ে কলকাতা পুলিসের উদ্যোগে এই বিশেষ ‘রক্ষার বন্ধন’ বেঁধে দেওয়া হয় গাড়ি চালকদের হাতে। একই ব্যাজ লাগিয়ে দেওয়া হয় জামাতেও। পার্ক স্ট্রিট মোড়ে দাঁড়িয়ে কলকাতার পুলিস কমিশনার মনোজ কুমার ভার্মা গাড়ি চালকদের মোবাইল ব্যবহার নিয়ে সাবধান করেন। এক চালকের কথায়, এই উদ্যোগে চালকদেরই জীবন বাঁচবে। এক ট্রাফিক কর্তার কথায়, ফোন এলে মানুষ হাত মোবাইলের কাছে নিয়ে যান। তাই হাতেই এই ব্যান্ড পরিয়ে দেওয়া হচ্ছে। সচেতনতা বাড়ানোর জন্যই এই ‘রক্ষার-বন্ধন’।
Advertisement
সম্পর্কিত সংবাদ