নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে সুইমিং পুলের লাইসেন্স ফি বৃদ্ধি করল কলকাতা পুরসভা। এতদিন নামমাত্র ফি নেওয়া হতো। এবার থেকে সুইমিং পুলের ক্ষেত্রে কলকাতা পুরসভাকে বার্ষিক লাইসেন্স ফি দিতে হবে এক লক্ষ টাকা। পাশাপাশি, পুরসভার আওতায় যেসব পুকুর রয়েছে, বিশেষ করে যেখানে বিভিন্ন ক্লাব সাঁতার প্রশিক্ষণ দেয়, সেখান থেকেও মোটা টাকা লাইসেন্স ফি আদায় করা হবে। এইসব পুকুর থেকে এতদিন কার্যত কোনও আয় হতো না পুরসভার। সুইমিং পুল ও পুকুর মিলিয়ে শহরে পুরসভার হাতে এমন ২৫টি জলাশয় রয়েছে।
Advertisement
বর্তমানে কলকাতায় পুরসভার আওতায় ১০টি সুইমিং পুল রয়েছে। তার মধ্যে তিনটি রয়েছে দেশবন্ধু পার্কে। এছাড়াও একটি করে সুইমিং পুল রয়েছে কুমোরটুলি, নিবেদিতা পার্ক, এপিসি পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার, বিদ্যাসাগর পার্ক, সাদার্ন অ্যাভিনিউ ও সরশুনায়। এক পুরকর্তা বলেন, এই সুইমিং পুলগুলি বিভিন্ন ক্লাবকে লিজ দেওয়া হয়েছে। সেখানে সাঁতার প্রশিক্ষণ দিয়ে ক্লাবগুলি ভালো উপার্জন করে। কোনও কোনও ক্লাব আবার জিম থেকে শুরু করে নানা অনুষ্ঠানে জায়গা ভাড়া দিয়ে মোটা টাকা আয় করে। এই অবস্থায় এতদিন তারা পুরসভাকে নামমাত্র লাইসেন্স ফি বা ভাড়া দিত। ওই ফি এখন বাড়িয়ে বছরে এক লক্ষ টাকা করা হয়েছে। এইসব সুইমিং পুলের বাইরেও টালা পার্ক, কলেজ স্কোয়ার কিংবা হেদুয়ায় বিভিন্ন পুকুর রয়েছে পুরসভার। সেখানেও একাধিক সংস্থা বা ক্লাব সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র চালায়। এতদিন তাদের থেকে কোনও লাইসেন্স ফি নেওয়া হয়নি বলে খবর। এবার ঠিক হয়েছে, পুরসভার যে সব পার্ক সংলগ্ন পুকুরে বিভিন্ন ক্লাব সাঁতার শেখানোর ব্যবস্থা করেছে, তাদের থেকেও বছরে লাইসেন্স ফি হিসেবে ১০ হাজার টাকা নেওয়া হবে। আর যে পার্কের ভিতরের পুকুরে সাঁতার শেখানোর পাশাপাশি বিভিন্ন ক্লাব জিম চালাচ্ছে, তাদের থেকে বছরে ২৫ হাজার টাকা করে নেবে কলকাতা পুরসভা।



