Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শহরে চোরের টার্গেট এসি’র গ্যাস পাইপ

শহরে চোরের টার্গেট এসি’র গ্যাস পাইপ
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
তারক চক্রবর্তী, শিলিগুড়ি: ঘটনা-১: হাতি মোড় সংলগ্ন একটি আবাসনের বাসিন্দা দীপ্তি সরকার ভোররাতে কিছু একটা কাটার শব্দ পান। জানালা দিয়ে উঁকি দিতেই দেখেন মুখ ঢাকা দুই চোর তাঁদের এসি মেশিনের পাইপ কাটছে। চিৎকার করতেই জুতো ফেলে দিয়ে পালায় দুই চোর। যদিও ততক্ষণে এসি মেশিনের গ্যাসের পাইপ কেটে দিয়েছিল চোরেরা। ক্ষতির মুখে পড়তে হয় দীপ্তিদেবীকে। 
Advertisement
ঘটনা-২: শান্তিমোড়ের বাসিন্দা শুদ্ধশীল দাস সকালে ঘুম থেকে উঠে দেখেন এসি মেশিনের বাইরে থাকা পাইপ গায়েব। ফের গাঁটের কড়ি খরচ করে এসি মেকানিকদের ডেকে তা 
ঠিক করান। 
একটি দু’টি নয় শিলিগুড়ি শহরের পাড়ায় পাডায় বাড়ছে এসি মেশিনের তামার পাইপ চুরি করার ছিঁচকে চোরেদের দাপট। খুব স্বাভাবিকভাবেই এই চোরেদের নিয়ে হয়রানির মুখে পড়তে হচ্ছে পুলিসকেও।  শীতে এসি বন্ধ থাকে। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে দুষ্কৃতীরা। গেটবাজার হোক কিংবা হাকিমপাড়া, মিলনপল্লি থেকে হায়দরপাড়া শহরের বিভিন্ন এলাকায় রাতে এসির পাইপ কেটে নিয়ে যাচ্ছে চোর। মাঝেমধ্যেই অভিযান চালিয়ে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা সম্ভব 
হলেও পুরোপুরিভাবে রোখা যাচ্ছে না এই প্রবণতা। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, অভিযোগ পেয়ে আমরা দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার করছি। ছাড়া পেয়ে এদেরই কেউ কেউ একই কাণ্ড ঘটাচ্ছে। মূলত এদের একাংশ নেশার টাকা জোগাড় করতেই এসব করছে। আমাদের দিনে-রাতে পেট্রোলিং চলছে। 
সম্প্রতি শিলিগুড়ি শহরে প্রচুর আবাসন হয়েছে। বাইরের থেকে প্রচুর মানুষ এখানে এসে থাকতে শুরু করেছে। শহর কংক্রিটের জঙ্গলে ভরে উঠেছে। তাই গরমে শহরের তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছচ্ছে। অনেকেই গরম সহ্য করতে না পেরে বাড়িতে এসি লাগাচ্ছেন। আর চোরের টার্গেট এসি মেশিনের বাইরের দিকে থাকা গ্যাস পাইপ। পুলিসের দাবি, মাদকাসক্তরা ওসব কেটে বাজারে বিক্রি করে যা টাকা পায় সেটা দিয়েই নেশার টাকা জোগাড় করে। উত্তরবঙ্গ মেডিক্যালে মাস কয়েক আগে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসির পাইপ চুরির অভিযোগ সামনে এসেছিল। পুলিসি ধরপাকড় ও প্রচুর সিসি ক্যামেরা লাগানোর পর এখন চুরি রোখা সম্ভব হলেও এবার দুষ্কৃতীদের টার্গেট শিলিগুড়ি শহরের বিভিন্ন বাড়ি, আবাসনে থাকা এসির গ্যাস পাইপ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ