সংবাদদাতা, ইটাহার: শ্বশুরবাড়ির পিছনে ঝোপঝাড়ে গাছ থেকে উদ্ধার জামাইয়ের ঝুলন্ত দেহ। মৃতের নাম মিঠুন বাস্কে (৪০)। বাড়ি দুর্গাপুর অঞ্চলের কমলাই এলাকায়। শ্বশুরবাড়ির পাশে জামাইয়ের দেহ উদ্ধারে চাঞ্চল্য ইটাহারের রানিপুর ভাটাপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, পারিবারিক অশান্তির জেরে প্রায় ১৩ বছর ধরে দুই কন্যাকে নিয়ে বাপের বাড়িতে থাকেন মৃতের স্ত্রী শান্তি হেমরম। শ্বশুরবাড়িতে আসা যাওয়া থাকলেও মিঠুন থাকতেন কমলাই গ্রামে নিজের বাড়িতে। সম্প্রতি মিঠুন নিজের ভিটেমাটি বিক্রি করে দেন। সপ্তাহ দুয়েক আগে স্ত্রীর সঙ্গে দেখা করতে রানিপুরে আসেন মিঠুন। দেখা করে চলে যান। শুক্রবার সকালে শ্বশুরবাড়ির পাশে মিঠুনের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিস। মৃতের স্ত্রী জানান, দু’সপ্তাহ আগে স্বামীর সঙ্গে দেখা হয়েছিল। ভিনরাজ্যে কাজে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তারপর আর দেখাও হয়নি, কথাও হয়নি। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।



