সংবাদদাতা, পতিরাম: ভিনরাজ্যে কাজে গিয়েছেন স্বামী। সেই সুযোগে নিজের নামে সম্পত্তি লিখে নেওয়ার জন্য শ্বশুর-শাশুড়িকে হুমকি দেওয়া ও মানসিক অত্যাচার করার অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে। শাশুড়ির চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করে বধূ গলা টিপে ধরলে তাঁকে বাঁচাতে যান শ্বশুর। তখন শ্বশুরকেও বাঁশ দিয়ে মারধর করে পুত্রবধূ। ঘটনায় শোরগোল বালুরঘাটের উত্তর মাঝি গ্রামে। বউমার হাতে মার খেয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি হতে হয় শাশুড়িকে। প্রাথমিক চিকিৎসার পর রবিবার রাতে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। শাশুড়ি বলেন, সম্পত্তি লিখে না দেওয়ায় কারণে আমাদের সঙ্গে অশান্তি করে। ছোট নাতনিকে কোলে নিতে গেলে বা খাবার দিতে গেলে হাত থেকে কেড়ে নেয়। ছেলে প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। ছেলে এখন বাড়িতে না থাকায় আমাদের দু’জনকে মারধর করে বউমা। বালুরঘাট থানার পুলিস জানিয়েছে, নির্দিষ্ট ধারায় বধূর নামে মামলা শুরু হয়েছে।



