সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরা বনদপ্তর শিবরাত্রি নিয়ে দু’টি পর্যায়ের বৈঠক করে নানা ব্যবস্থা গ্রহণ করল। ২২ তারিখে বনদপ্তরের রেস্টহাউসে সেনাবাহিনী, পুলিস, ট্রাফিক, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতকে নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে বাগডোগরা জঙ্গলিবাবা মন্দিরে শিবরাত্রির অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়। সুষ্ঠুভাবে যাতে ভক্তরা জল ঢালতে আসতে পারেন সেজন্য একাধিক সুবিধা রাখা হয়েছে। সোমবার ফের একটি বৈঠক করা হয়। বৈঠকের পর বনবিভাগের কার্শিয়াং ডিভিশনের এডিএফও রাহুলদেব মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, বাগডোগরা সংরক্ষিত বনাঞ্চলের ভিতর অবস্থিত জঙ্গলি বাবার মন্দিরে প্রচুর ভক্তের ভিড় হয়। সেই ভিড় সামলাতে ও দুর্ঘটনা এড়াতে নানা পদক্ষেপ করা হচ্ছে। মন্দিরের চারিদিকে ফেনসিং, হেল্পডেক্স, দমকলের ব্যবস্থা থাকছে। ভক্তদের জন্য ভান্ডারার ব্যবস্থা করছে সেনাবাহিনী। বাগডোগরা বনদপ্তরের পক্ষ থেকে জঙ্গলের দুই প্রবেশ গেটে টিকিট কাউন্টার করা হয়েছে। যা অন্য দিনের মতোই মাথাপিছু কুড়ি টাকা ও বাইক পার্কিংয়ের জন্য ১০ টাকা। এছাড়া টোটো অ্যাসোসিয়েশন ও অটো অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে ভক্তদের জন্য বিনামূল্যে গাড়ির পরিষেবা দেওয়া হবে। বায়োটয়লেট, অ্যাম্বুলেন্স, পানীয় জল সহ নানা ব্যবস্থা রাখা হবে। এদিকে পুজো চলাকালীন হাতি বা কোনও বন্যপ্রাণী যাতে চলে না আসে সেজন্য জঙ্গলের বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবেন বনদপ্তরের কর্মীরা। এছাড়াও মন্দিরের ভিড় সামলাতে ও নিরাপত্তা নিয়ে পুলিস ও ট্রাফিক তৎপর থাকবে বলে জানান তিনি।



