Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মিরিক, ফের ভাঙল হিউম পাইপের অস্থায়ী সেতু, ব্যাহত যান চলাচল

রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মিরিক। প্রবল বৃষ্টির জেরে বালাসন নদীতে ক্রমশ বাড়ছে জলস্তর। এরই মধ্যে দুধিয়ার কাছে ফের হিউম পাইপের অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ির সঙ্গে মিরিকের ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে।

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মিরিক, ফের ভাঙল হিউম পাইপের অস্থায়ী সেতু, ব্যাহত যান চলাচল
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মিরিক। প্রবল বৃষ্টির জেরে বালাসন নদীতে ক্রমশ বাড়ছে জলস্তর। এরই মধ্যে দুধিয়ার কাছে ফের হিউম পাইপের অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ির সঙ্গে মিরিকের ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে। এই পরিস্থিতির কারণে ওই ব্রিজ দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ফলে সমস্যার মুখে পড়ছেন বহু নিত্যযাত্রী থেকে পর্যটকরাও। 

Advertisement

প্রশাসনের তরফে আপাতত বেইলি ব্রিজ দিয়ে শুধুমাত্র ছোট যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচলে তৈরি হয়েছে সমস্যা। অন্যদিকে, মিরিকের একটি গ্রামেও ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে। খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে প্রশাসনের আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, বালাসন নদীর জলস্তর বৃদ্ধির ফলে মাটিগাড়ার কয়েকটি গ্রামে নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে সেচ দপ্তর ও প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতভর বর্ষণের ফলে পাহাড়ি নদীগুলিতে দ্রুত জলস্তর বৃদ্ধি পায়। বালাসন নদীতেও জলস্ফীতি দেখা দেয়, যার চাপেই আবার উদ্বেগ বাড়াচ্ছে দুধিয়ার এই অস্থায়ী সেতু। ২০২৫ সালে দুধিয়া লোহার সেতু ভেঙে যাওয়ার পর বিকল্প ব্যবস্থা হিসেবে এই অস্থায়ী কাঠামোটি তৈরি করা হয়েছিল। 

উল্লেখ্য চলতি বছরের জুন মাসে টানা সারারাতের বৃষ্টির জেরে পাহাড়ি নদীগুলিতে দ্রুত জলস্তর বৃদ্ধি পেয়েছিল। অতিরিক্ত জলের চাপে বালাসন নদীর জলস্ফীতি দেখা দেয় এবং ক্ষতিগ্রস্ত হয় দুধিয়ার অস্থায়ী সেতু। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এর ফলে মিরিক ও আশপাশের এলাকার বাসিন্দাদের শিলিগুড়িতে যাতায়াতের জন্য ঘুম হয়ে ঘুরে বিকল্প পথে যেতে হয়েছিল। অতিরিক্ত ঘুরপথের কারণে নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটক এবং স্থানীয় ব্যবসায়ীরাও সমস্যার মুখে পড়েছিলেন। পরিস্থিতি স্বাভাবিক করতে ডাইভারসন মেরামতের কাজ শুরু করে পূর্তদপ্তর ও সেনাবাহিনী। কিন্তু টানা বৃষ্টির কারণে বারবার বাধার মুখে পড়ছিল মেরামতির কাজ। এর মধ্যেই স্থানীয়দের সমস্যার কথা মাথায় রেখে দ্রুত বিকল্প ব্যবস্থা করার উদ্যোগ নেয় সেনাবাহিনী। অবশেষে গত ২৩ জুন সেনাবাহিনীর উদ্যোগে বালাসন নদীর উপর তৈরি করা হয় একটি ফুট ব্রিজ। সেই সেতু দিয়েই ফের নদী পারাপার শুরু করেন সাধারণ মানুষ। ফলে কিছুটা হলেও স্বস্তি ফেরে শিলিগুড়ি-মিরিক রুটে যাতায়াতকারী স্থানীয়দের মধ্যে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ