নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শিবপুরের কুখ্যাত দুষ্কৃতী আব্দুল কাদের খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করল হাওড়া সিটি পুলিস। মঙ্গলবার সন্ধ্যায় বাঁকড়ার করাতকল এলাকার একটি বহুতল আবাসনের বন্ধ ঘর থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়। শিবপুরের পিএম বস্তি এলাকায় ২৪ অক্টোবর খুন হয় জেলফেরত দুষ্কৃতী আব্দুল কাদের ওরফে প্রেম। গোষ্ঠী-যুদ্ধের কারণেই এই খুন বলে তদন্তে জানতে পারে পুলিস। এরপর হাওড়া, উত্তর ২৪ পরগনা ছাড়াও উত্তরপ্রদেশ থেকে একে একে গ্রেপ্তার হয় খুনের ঘটনায় জড়িত বিপক্ষ গোষ্ঠীর মোট ছয় দুষ্কৃতী।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, খুনের পরে করাত কল উত্তরপাড়ার একটি বহুতল আবাসনের বন্ধ ঘরে লুকিয়ে রাখা হয়েছিল আগ্নেয়াস্ত্রটি। গ্রেপ্তার হওয়া অন্যতম দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর বিষয়টি জানতে পারেন হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা। এরপরেই এদিন সন্ধ্যায় ধৃতদের এই আবাসনের বন্ধ ঘরটিতে নিয়ে এসে আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, খুনের ঘটনার সঙ্গে জড়িত দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্রটি নিয়ে এই ঘরেই আশ্রয় নিয়েছিল। এরপর সেটি এই ঘরে ফেলে রেখেই অন্যত্র চম্পট দেয় তারা।



