মুম্বই: মহারাষ্ট্রে ভোট শেষ। তার পরের দিন শিবাজীর মূর্তি ভেঙে পড়ার ঘটনায় অন্যতম অভিযুক্ত চেতন পাতিল জামিন পেলেন। বৃহস্পতিবার তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। গত ২৬ আগস্ট সিন্ধুদুর্গ জেলায় ভেঙে পড়ে শিবাজীর ৩৫ ফুটের মূর্তিটি। ঘটনার মাত্র ন’মাস আগে নৌসেনা দিবসে এই মূর্তিটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনায় প্রবল চাপের মুখে পড়েছিল রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন মহাজুতি সরকার। গত ৩০ আগস্ট কোলাপুর থেকে গ্রেপ্তার করা হয় মূর্তি নির্মাণ কাজের পরামর্শদাতা চেতনকে। এদিন বিচারপতি এ এস কিলোরের বেঞ্চ জানিয়েছে, মূর্তি ভেঙে পড়া নিয়ে কোনও রিপোর্টেই পাতিলের নাম নেই। সম্পূর্ণ কাঠামো নির্মাণের জন্য তাঁকে নিয়োগ করা হয়নি। তাঁকে কেবল মূর্তির ভিত্তিস্তম্ভ নির্মাণের পরামর্শদাতা নিয়োগ করা হয়েছিল। মূর্তি ভেঙে পড়ার পরেও সেই ভিত্তি স্তম্ভ অটূট ছিল। তাই পাতিলকে মূর্তির ত্রুটিপূর্ণ কাঠামো নির্মাণের জন্য দায়ী করা যায় না।



