নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বিহার বিধানসভা নির্বাচনে ফল বের হতেই দেশের অন্যতম প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব নীতীশ কুমারকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তারমধ্যে আসানসোলের এমপি শত্রুঘ্ন সিনহার শুভেচ্ছা বার্তা শিল্পাঞ্চলে ঝড় তুলেছে। বিহারের ফল ঘোষণার পরই তারকা এমপি এক্স হ্যান্ডেলে নীতীশ কুমার ও তাঁর একাধিক ছবি পোস্ট করেন। সেখানে লেখেন, বিহারের জনগণকে অভিনন্দন। তারা সেই সরকারই পেল, যা তারা চায়। এরপরই নীতীশ কুমারের ভূয়সী প্রশংসা করেন ‘বিহারীবাবু’। তাঁকে বিশ্বাসযোগ্য, পরীক্ষিত, সফল মুখ্যমন্ত্রী হিসেবেও দাবি করেন। নীতীশকে নিয়ে তৃণমূল এমপির এই প্রশংসা রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দেয়।
এর আগে একবার তৃণমূল এমপির ছেলেকে বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস টিকিট দেবে বলে জল্পনা শুরু হয়। যদিও বাস্তবে তা হয়নি। এরপর এই পোস্ট নিয়ে চর্চা শুরু হয়ে যায়। রবিবার এনিয়ে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পল। তিনি বলেন, নিজের দলীয় অবস্থানে সম্পূর্ণ বিপরীতে গিয়ে সত্যিকে স্বীকার করে নেওয়ার জন্য শত্রুঘ্ন সিনহাকে ধন্যবাদ। রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি বলতে পেরেছেন।
তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এটি শত্রুঘ্নজির সম্পূর্ণ নিজস্ব অভিমত। দলীয়ভাবে আমরা মনে করি বিজেপি বিহার নির্বাচনে চুরি করে জয়লাভ করেছে।
সোশ্যাল মিডিয়ার এই পোস্ট প্রসঙ্গে শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, বিহারীবাবু হিসেবে নীতীশ কুমারের সঙ্গে ব্যক্তিগতস্তরে ভালো সম্পর্কের খাতিরে তাঁকে অভিনন্দন জানাতেই এই পোস্ট। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।