সঞ্জয় চক্রবর্তী: সম্প্রতি ‘সুর ও সাধনা’ ও ‘প্রবুদ্ধ রাহা অ্যাকাডেমি ফর মিউজিক অ্যান্ড আর্টিস্ট্রি’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ‘শারদীয়া রামধনু’। মনোজ্ঞ এই সঙ্গীতানুষ্ঠানে সুর ও ছন্দের মূর্ছনায় এক অপূর্ব সন্ধ্যা উপহার দিলেন শিল্পীরা। ক্যান্সার আক্রান্ত শিশুদের সাহায্যার্থে এই অনুষ্ঠান আয়োজিত হয়। সৈকত মিত্রের কন্ঠে কবীর সুমনের কথা ও সুরে আগমনি গান ‘উমা আয় ফিরে বাংলায়’, হৈমন্তী শুক্লার কন্ঠে ‘আগমনীর সুর ভাসে আকাশে বাতাসে’, শম্পা কুন্ডুর গলায় ‘বাজলো তোমার আলোর বেণু’, চন্দ্রাবলী রুদ্র দত্তের কন্ঠে ‘সিংহস্থা শশীশেখরা’, কিংশুক রায়ের কন্ঠে ‘শারদ প্রাতে’এবং রত্না রায়ের গাওয়া লালন গীতি ‘খাঁচার ভিতর অচিন পাখী’ শ্রতোদের হৃদয় ছুঁয়ে যায়। একক সঙ্গীত পরিবেশনে শ্রোতাদের মুগ্ধ করেন প্রবুদ্ধ রাহা। তাঁর মিউজিক অ্যাকাডেমির ছাত্রছাত্রীদের সমবেত কন্ঠে ‘আমার সকল রসের ধারা’ এবং বিপাশা মিত্রের পরিচালনায় খোলা হাওয়া মিউজিক অ্যাকাডেমির ছাত্রছাত্রীদের কন্ঠে আগমনি গান মুগ্ধ করে। গানের মাঝে আবৃত্তি পরিবেশন করেন বর্নালী সরকার। এছাড়া অনবদ্য একটি উপস্থাপনায় গল্প পাঠ করে শোনান শিল্পী বিজয়লক্ষ্মী বর্মণ।অন্যতম আকর্ষণ জগন্নাথ বসু ও ঊর্মিমালা বসুর পরিবেশনায় শ্রুতি নাটক।



