চেন্নাই, ২৭ জুলাই: দক্ষিণী সুপারস্টার বিজয়ের শেষ চলচ্চিত্র। জন নায়গন। মুক্তির পর থেকেই বক্স অফিসে সাড়া ফেলেছে এই সিনেমা। বৃহস্পতিবার দুর্দান্ত ওপেনিংয়ের পর শুক্রবার আয়ে কিছুটা পতন দেখা গেলেও শনি ও রবিবার ফের আয়ের পরিমাণ উর্দ্ধে উঠেছে।
চেন্নাই, ২৭ জুলাই: দক্ষিণী সুপারস্টার বিজয়ের শেষ চলচ্চিত্র। জন নায়গন। মুক্তির পর থেকেই বক্স অফিসে সাড়া ফেলেছে এই সিনেমা। বৃহস্পতিবার দুর্দান্ত ওপেনিংয়ের পর শুক্রবার আয়ে কিছুটা পতন দেখা গেলেও শনি ও রবিবার ফের আয়ের পরিমাণ উর্দ্ধে উঠেছে।
রিপোর্ট অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে ভারতে ছবিটি প্রায় ২৮.৫০ কোটি টাকা আয় করেছে। প্রথম দিনে ছবির আয় ছিল ৪২.৭০ কোটি টাকা। আর দ্বিতীয় দিনে তা দাঁড়ায় ২১.১৫ কোটি টাকা। ফলে, তিন দিনে ভারতে জন নায়গন এর মোট নেট সংগ্রহ বেড়ে হয়েছে ৭৪.৪৪ কোটি টাকা। যেখানে ভারতের মোট গ্রস আয় পৌঁছেছে ৮৭.৫০ কোটি টাকায়। একই সময়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস সংগ্রহ ১৭১.৮৪ কোটি টাকা ছুঁয়েছে। রবিবারও ছুটির দিন ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সারাদিনে তামিল ভাষার শোগুলিতে গড়ে ৬১.০৪ শতাংশ আসন পূর্ণ ছিল। সকালে উপস্থিতি ছিল ৪২.৯২ শতাংশ। সন্ধ্যার শোগুলিতে উপস্থিতি পৌঁছায় ৬৭ শতাংশে। আর রাতের শোগুলিতে তা সর্বোচ্চ ৭৪.৯২ শতাংশ পর্যন্ত রেকর্ড করে। প্রধান শহরগুলির মধ্যে চেন্নাইয়ে সব থেকে বেশি সাড়া ফেলেছে এই সিনেমা। বেঙ্গালুরুতেও দর্শকদের বেশ ভালোই প্রতিক্রিয়া ছিল।
সর্বশেষ আপডেট অনুযায়ী রবিবার রাত ১০টা পর্যন্ত ১২,০৮০টি শো থেকে ছবিটি ৩১.৯৭ কোটি টাকা আয় করেছে। তবে চূড়ান্ত হিসাব প্রকাশিত হলে এই সংখ্যায় সামান্য পরিবর্তন হতে পারে বলে জানা গিয়েছে। এদিকে, ছবির পরিচালক এইচ বিনোথ দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন 'বিজয় স্যারের কোনও ছবি মুক্তি পেলেই প্রথম এক সপ্তাহ নানা ধরনের আলোচনা হয়, কোনটা ভালো, কোনটা ভালো নয়। তারপর অনেকে বলেন, ছবিটি তেমন ভালো নয়। কিন্তু ছয় মাস পরে দেখা যায়, সেই ছবিই বাজারে সবচেয়ে হিট হয়ে উঠেছে।'
থালাপতি বিজয়ের ক্যারিয়ারে ‘জন নায়গন’ একটি বিশেষ অধ্যায় হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, এটিই হতে পারে তাঁর অভিনয়জীবনের শেষ সিনেমা। সেই কারণেই মুক্তির আগেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। এদিকে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়ে নতুন এক যাত্রার ইঙ্গিত দিয়েছেন এই জনপ্রিয় দক্ষিণী তারকা। মুক্তির পর ‘জন নায়গন’ দর্শকদের ইতিবাচক সাড়া এবং বক্স অফিসে দারুণ সাফল্যের মাধ্যমে আবারও প্রমাণ করেছে, বড় পর্দায় থালাপতি বিজয়ের তারকাখ্যাতি ও জনপ্রিয়তা এখনও সমান শক্তিশালী।